ফেনীতে মারধরের শিকার হওয়া জসিম উদ্দিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) ভোর পৌনে ৪টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানায় পুলিশ।
ঘটনার বিবরণ
হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে ফেনী শহরের ট্রাংক রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকে এক ব্যক্তি। পরে স্থানীয়রা তাকে আটক করে বিভিন্ন প্রশ্ন করলে তিনি তার সদুত্তর দিতে পারেননি। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় লোকজন তাকে মারধর করে। পরে তাকে অজ্ঞাত ব্যক্তিরা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে পিবিআই বায়োমেট্রিক পদ্ধতিতে তার নাম পরিচয় শনাক্ত করে। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাতে তিনি মারা যান।
নিহতের পরিচয়
পুলিশের তথ্যমতে, নিহত ওই ব্যক্তির নাম মো. জসিম উদ্দিন (৩০)৷ তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলী গ্রামের মৃত তমছির আলীর ছেলে। জসিম মানসিক প্রতিবন্ধী ছিলেন।
ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পিবিআই ইতোমধ্যে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানতে পেরেছি। সংশ্লিষ্ট থানার মাধ্যমে তার পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে।



