মাদারীপুরের কালকিনি উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারী কন্যাসন্তান জন্ম দিয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড-সংলগ্ন সেতু এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে তিনি এ সন্তান প্রসব করেন। পরে স্থানীয় লোকজন ও প্রশাসনের সহযোগিতায় ওই নারী ও নবজাতককে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
ঘটনার বিবরণ
স্থানীয় লোকজন জানান, আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারী দীর্ঘদিন ধরেই কালকিনি পৌর শহরসহ বিভিন্ন এলাকার বাজার ও আশপাশে ঘুরে বেড়াতেন। কিছু জিজ্ঞেস করলে ভিন্ন ভিন্ন নাম ও কথা বলতেন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে তাঁর প্রসব যন্ত্রণা ওঠে। আজ শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসস্ট্যান্ড-সংলগ্ন সেতুর গোড়ায় আশ্রয় নেন। পরে তিনি সেখানে কন্যাসন্তানের জন্ম দেন। সকাল ৭টার দিকে বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাঁরা কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। পরে প্রশাসনের পক্ষ থেকে ওই নারী ও তাঁর নবজাতক সন্তানকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ।
চক্রের তৎপরতা ব্যর্থ
কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহতা জারাব সালেহিন বলেন, হাসপাতালে আসার আগে নবজাতকটিকে পাচার বা বিক্রি করার উদ্যোগ নিয়েছিল একটি চক্র। তবে ইউএনওর তৎপরতায় সেটি সম্ভব হয়নি। বর্তমানে নবজাতক ও তার মা চিকিৎসকের তত্ত্বাবধানে ভালো আছেন। তাদের দেখভাল করার জন্য নার্স ও জরুরি বিভাগের চিকিৎসককে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সার্বক্ষণিক বিষয়টি নজরদারি করেছেন।
পরিচয় শনাক্তের চেষ্টা
কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন বলেন, ভাসমান ওই নারীর পরিচয় জানতে খোঁজখবর নেওয়া হচ্ছে। ওই নারী প্রায় দুই বছর ধরে কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। আপাতত শিশুটির দায়িত্ব উপজেলা প্রশাসন থেকেই নেওয়া হবে।



