গোপালগঞ্জ বন্ধুসভার মানববন্ধন: শিশু ও নারীর নিরাপত্তা চাই
গোপালগঞ্জে মানববন্ধন: শিশু ও নারীর নিরাপত্তা চাই

রাজধানীর পল্লবীতে এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গোপালগঞ্জ বন্ধুসভা। 'শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই' স্লোগানে ২২ মে বিকেলে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে শিশুদের প্রতি সহিংসতা, ধর্ষণ ও হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। এসব ঘটনায় দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধীরা বারবার একই ধরনের অপরাধ করার সাহস পাচ্ছে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী পোস্টার বহন করেন। পোস্টারগুলোতে লেখা ছিল—'শিশুর নিরাপত্তা কোথায়?', 'ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই', 'শিশু হত্যার বিচার চাই', 'না মানে না, সম্মতি ছাড়া প্রতিটি স্পর্শই সহিংসতা', 'নিরাপদ হোক শৈশব' ইত্যাদি স্লোগান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গোপালগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা প্রদ্যোত রায় বলেন, 'মনুষ্যত্ববোধ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, একটি শিশুর ওপর এমন নির্মম নির্যাতন কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। আমরা চাই, অপরাধীদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।'

গোপালগঞ্জ বন্ধুসভার সভাপতি ফারদুল্লাহ লস্কর বলেন, 'শিশুদের নিরাপত্তা নিয়ে আমরা গভীর উদ্বেগের মধ্যে আছি। ঢাকার পল্লবীতে যে শিশুকে হত্যা করা হয়েছে, ওই শিশু যদি আমার সন্তান হতো, তাহলে কী অবস্থা হতো? আমার সন্তানের নিরাপত্তা কোথায়? এই বর্বরতা শেষ না হলে আগামীকাল হয়তো আমার সন্তানের পালা! আমরা চাই সরকার ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করুক।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে শিশু সুরক্ষায় আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা শিশু নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তাঁরা শিশুদের জন্য নিরাপদ সমাজ গড়ে তুলতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক ইমরোজ হাসান, সহসভাপতি তালহা খান, যুগ্ম সাধারণ সম্পাদক সকাল মজুমদারসহ অন্য বন্ধুরা।