সকাল কিংবা বিকালের অবসরে এক কাপ গরম চা অনেকেরই নিত্যসঙ্গী। তবে চায়ের সঙ্গে কী খাওয়া হচ্ছে, সেদিকেও নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদ ও স্বাস্থ্যবিশেষজ্ঞরা। তাদের মতে, কিছু খাবারের সঙ্গে চা পান করলে হজমের সমস্যা, পুষ্টির ঘাটতি এবং পাকস্থলীর নানা জটিলতা দেখা দিতে পারে।
চায়ের ক্যাফেইন ও ট্যানিনের প্রভাব
বিশেষজ্ঞরা বলছেন, চায়ে থাকা ক্যাফেইন ও ট্যানিন কিছু খাবারের পুষ্টি উপাদান শোষণে বাধা সৃষ্টি করতে পারে। বিশেষ করে বেসন বা ময়দা দিয়ে তৈরি সিঙাড়া, পাকোড়া কিংবা অন্যান্য ভাজাপোড়া খাবার চায়ের সঙ্গে খেলে হজমে সমস্যা, গ্যাস, পেট ফাঁপা এবং অম্লতার ঝুঁকি বাড়তে পারে।
সাইট্রাস ফল ও হলুদসমৃদ্ধ খাবার
লেবু বা অন্যান্য সাইট্রাস ফলের সঙ্গে চা পান নিয়েও সতর্ক করেছেন চিকিৎসকরা। তাদের মতে, এই ধরনের খাবার খালি পেটে বা নিয়মিত খেলে চায়ের অম্লতা বাড়িয়ে পাকস্থলীতে জ্বালাপোড়া ও গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি করতে পারে। একইভাবে হলুদসমৃদ্ধ খাবার চা পান করার ঠিক আগে বা পরে খেলে অনেকের ক্ষেত্রে বদহজম ও পেটের অস্বস্তি দেখা দিতে পারে।
গরম চায়ের পর ঠান্ডা খাবার
গরম চায়ের পরপরই আইসক্রিম, ঠান্ডা পানি বা কোমল পানীয় পান করাও স্বাস্থ্যকর নয় বলে মত বিশেষজ্ঞদের। এতে হজমপ্রক্রিয়া ব্যাহত হতে পারে এবং বমিভাব বা পেটের সমস্যার ঝুঁকি বাড়তে পারে।
আয়রনসমৃদ্ধ খাবার ও চা
এ ছাড়া আয়রনসমৃদ্ধ খাবার যেমন ডিম, সবুজ শাকসবজি বা ডালজাতীয় খাবারের সঙ্গে চা পান করলে শরীরে আয়রন শোষণ কমে যেতে পারে। ফলে রক্তস্বল্পতার ঝুঁকি বাড়ার আশঙ্কা থাকে।
স্বাস্থ্যকর বিকল্প
বিশেষজ্ঞদের পরামর্শ, চায়ের সঙ্গে হালকা ও সহজপাচ্য খাবার খাওয়াই ভালো। মুড়ি, খই, ওটসের কুকিজ বা কয়েকটি ভেজানো কাঠবাদাম চায়ের উপযুক্ত সঙ্গী হতে পারে।



