ঢাকার কেরানীগঞ্জে সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক শিশু ও নারীর মধ্যে মৌসুমি ফল বিতরণ করা হয়েছে। ২৪ জুন বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের বামনশুর এলাকার এইমার্স একাডেমি প্রাঙ্গণে এ ফল উৎসবের আয়োজন করে কেরানীগঞ্জ বন্ধুসভা।
ফল পেয়ে উচ্ছ্বাস
আম, লিচু, ড্রাগনসহ বিভিন্ন মৌসুমি ফল উপহার পেয়ে খুশি হয় শিশু ও নারীরা। ফল পেয়ে উচ্ছ্বসিত আট বছরের শিশু সামিয়া আক্তার বলে, ‘খুব খুশি হয়েছি। আম আর লিচু আমার খুব পছন্দ।’
১০ বছর বয়সী আরেক শিশু রাফি হাসান বলে, ‘আজ বন্ধুদের সঙ্গে ফল খেয়ে অনেক ভালো লাগছে। যারা আমাদের ফল দিয়েছে, তাদের ধন্যবাদ জানাই।’
অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়া
ফল পেয়ে খুশি জাহানারা বেগম বলেন, ‘ফল পাইয়া ভালোই লাগতাসে। এমন আয়োজন হলে আমাদের জন্যে ভালো হয়।’
আয়োজকদের বক্তব্য
এ বিষয়ে কেরানীগঞ্জ বন্ধুসভার সভাপতি নাজিউল্লাহ ভূঁইয়া বলেন, ‘বন্ধুসভা সব সময় সমাজের মানুষের পাশে থাকার চেষ্টা করে। ফল উৎসবের মূল উদ্দেশ্য শিশু ও নারীদের মধ্যে পুষ্টিকর খাবারের গুরুত্ব তুলে ধরা ও তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। ভবিষ্যতেও আমরা শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখব।’
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াবাজার কলেজের প্রভাষক আশিকুর রহমান, কেরানীগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি তানজিম আরা নুসরাত, বর্তমান সহসভাপতি শামসুন্নাহার শিরীন, সাধারণ সম্পাদক অর্ণব সাইফুল, আলবাট্রস স্কুলের শিক্ষক ও বন্ধুসভার অর্থসম্পাদক মোস্তফা মহসিন, বন্ধু মোহনা আক্তার, শামসুজ জলিল, আসিফ হোসেন, রানা হামিদ ও মাধুর্য প্রমুখ।



