গরমে সবচেয়ে জনপ্রিয় ও স্বাস্থ্যকর খাবারের মধ্যে অন্যতম হচ্ছে শসা। সালাদ, রায়তা কিংবা সরাসরি কাঁচা— নানাভাবেই খাওয়া যায় শসা। এটি প্রতিদিনের খাদ্যতালিকায় জায়গা করে নিয়েছে। শসায় পানির পরিমাণ বেশি থাকায় এটি শরীরকে ঠান্ডা রাখে, হাইড্রেটেড রাখে এবং হজমশক্তি উন্নত করতে সাহায্য করে। তবে বাজার থেকে অনেক সময় কেনা শসার মধ্যে স্বাদ পাওয়া যায় না। একেবারে বিদঘুটে তেতো বলে মনে হয়, যা পুরো খাবারটাই নষ্ট করে দেয়। তাই কেনার আগেই কিছু সহজ উপায়ে ভালোমানের শসা কেনা জরুরি।
শসার পুষ্টিগুণ ও উপকারিতা
শসা শরীর ঠান্ডা ও হাইড্রেটেড রাখে। শসায় প্রায় ৯৫ শতাংশ পানি থাকে। তাই এটি গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ডিহাইড্রেশনের ঝুঁকি কমিয়ে দেয়। কম ক্যালরিযুক্ত হওয়ায় শসা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, ফলে অযথা খিদে কম পায় এবং ওজন নিয়ন্ত্রণ সহজ হয়। নিয়মিত শসা খেলে শরীরের পানির ভারসাম্য বজায় থাকে, যা ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে। শসায় থাকা ফাইবার হজম প্রক্রিয়া সচল রাখে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। শসা শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে। এছাড়াও শসায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা পালন করে।
ভালো শসা চেনার উপায়
বাজারে প্রচুর পরিমাণে বিভিন্ন আকার ও ধরনের শসা পাওয়া যায়। ভালো ও টাটকা শসা চেনার জন্য কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।
রঙ দেখে বুঝুন
ভালো ও টাটকা শসার রঙ সাধারণত হালকা সবুজ এবং উজ্জ্বল হয়। যদি শসার গায়ে অতিরিক্ত হলুদ বা সাদা ভাব দেখা যায়, তবে সেটি পুরোনো হতে পারে এবং তেতো হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।
আকার ও আকৃতি
অত্যন্ত বড় বা খুব ছোট শসার ভেতরে বেশি বীজ থাকে এবং অনেক ক্ষেত্রে সেগুলো তেতোও হয়। মাঝারি আকারের, সোজা ও তুলনামূলক পাতলা শসা বেছে নেওয়াই সবচেয়ে ভালো।
বোঁটা দেখুন
শসার বোঁটা যদি সবুজ ও সতেজ দেখায়, তবে সেটি নতুন তোলা শসা হওয়ার সম্ভাবনা বেশি। শুকনো বা বিবর্ণ বোঁটা দেখলে বুঝতে হবে শসাটি বেশ পুরোনো।
খোসার গঠন
উন্নত মানের শসার খোসা মসৃণ হয় এবং তার ওপর গাঢ় সবুজ রঙের স্পষ্ট লম্বা দাগ দেখা যায়। খোসা যদি শক্ত, দাগযুক্ত বা অসমান হয়, তাহলে শসার স্বাদ তেতো হতে পারে।
হালকা চাপ দিন
প্রয়োজনে শসা কেনার সময় হাতে নিয়ে হালকা চাপ দিন। সামান্য নরম অনুভূত হলে সেটি সাধারণত টাটকা বলে ধরা হয়। তবে খুব বেশি শক্ত বা অতিরিক্ত নরম শসা এড়িয়ে চলাই ভালো, কারণ এগুলো বেশি পাকা বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।



