ঈদের ছুটিতে ৬ দিনে সড়কে ৩৭ জন নিহত, আহত ৯০
ঈদের ছুটিতে ৬ দিনে সড়কে ৩৭ জন নিহত, আহত ৯০

ঈদের ছুটিতে গত মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত ছয় দিনে সারাদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৯০ জন। এর মধ্যে ঈদের দিন গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ পাঁচ জন, নেত্রকোনায় পাঁচ জন, ফরিদপুরের মধুখালীতে চারজন নিহত হয়েছে। এছাড়া ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বাবা ও ছেলে।

গোপালগঞ্জে ঈদের দিন পাঁচজন নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গত বৃহস্পতিবার ঈদের দিন দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রামে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ পাঁচ জন নিহত হয়েছে। নিহতরা হলেন: পিরোজপুরের নাজিরপুরের আবু হানিফের ছেলে মো. সোহাগ (৩৬), তার স্ত্রী খাদিজা খাতুন (৩০), ছেলে মো. আরমান (৬), মোটরসাইকেল চালক বাগেরহাটের শাওন ঢালী (২২) ও আরোহী সোয়েব শেখ (১৬)। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়।

নেত্রকোনায় পাঁচজন নিহত

নেত্রকোনা প্রতিনিধি জানান, শুক্রবার ও রবিবার সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। রবিবার নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া একটি বাস সদরের চল্লিশা বাইপাস এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন নারী নিহত হন। এছাড়া ঈদের পরদিন কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত ও এক জন আহত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফরিদপুরের মধুখালীতে চারজন নিহত

মধুখালী সংবাদদাতা জানান, ঈদের দিন বিকালে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু রাজন শেখ (১৮) ও ইব্রাহিম ফকির (১৭) নিহত হন। এছাড়া মঙ্গলবার দিঘলিয়ায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের চাপায় আব্দুল মালেক শেখ (৬৫) এবং একই দিন ভোরে ব্রাহ্মণকান্দায় অজ্ঞাত বাহনের চাপায় মীম খাতুন (২৬) নিহত হন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ময়মনসিংহে বাবা ও ছেলের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি জানান, শনিবার সকালে ময়মনসিংহ-শেরপুর সড়কে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা জাহাঙ্গীর আলম (৩১) ও তার আড়াই বছরের ছেলে রুহান নিহত হন।

অন্যান্য জেলায় দুর্ঘটনা

সড়কে হতাহতের অন্যান্য ঘটনা ঘটেছে নরসিংদী, পটুয়াখালী, চট্টগ্রাম, সাতক্ষীরা, দিনাজপুর, নাটোর, নড়াইল, জামালপুর, চাঁদপুর, গাইবান্ধা, পাবনা, রাজবাড়ী, ফরিদপুর, কক্সবাজার, টাঙ্গাইল, কুষ্টিয়া ও কিশোরগঞ্জ জেলায়। নরসিংদীর শিবপুরে বুধবার দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হন। পটুয়াখালীর গলাচিপায় বৃহস্পতিবার মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হন। চট্টগ্রামের রাউজানে শনিবার মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়। সাতক্ষীরার তালায় মঙ্গলবার পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত হন। দিনাজপুরের চিরিরবন্দরে শনিবার প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হন। নাটোরের সিংড়ায় ঈদের দিন রাতে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হন। নড়াইলের লোহাগড়ায় ঈদের দিন বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত হন। জামালপুরে বুধবার বাসচাপায় এক বৃদ্ধ নিহত হন। চাঁদপুরে রবিবার ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত এবং হাজীগঞ্জে দুই বাসের প্রতিযোগিতায় এক ব্যক্তি নিহত হন। গাইবান্ধায় রবিবার বাস খাদে পড়ে এক নারী নিহত ও ৭ জন আহত হন। পাবনার ঈশ্বরদীতে শুক্রবার ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হন। রাজবাড়ীর কালুখালীতে বৃহস্পতিবার মোটরসাইকেল ও অটোভ্যানের সংঘর্ষে তিন জন আহত হন। ফরিদপুরের ভাঙ্গায় রবিবার বাস খাদে পড়ে ১৫ জন আহত হন। কক্সবাজারের রামুতে শনিবার সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হন। টাঙ্গাইলের ভূঞাপুরে রবিবার বাস-মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হন। কুষ্টিয়ায় রবিবার সেনাবাহিনীর বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও ৩৫/৪০ জন আহত হন। কিশোরগঞ্জের কটিয়াদীতে রবিবার বাসচাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত হন।