ছিন্নমূল মানুষের জন্য স্বেচ্ছাসেবীদের খাবার আয়োজন
ছিন্নমূল মানুষের জন্য স্বেচ্ছাসেবীদের খাবার আয়োজন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গাজীপুর আশ্রয়কেন্দ্রে প্রায় তিনশত দরিদ্র, দুস্থ ও ছিন্নমূল মানুষের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছেন একদল স্বেচ্ছাসেবী তরুণ। আজ শনিবার বেলা এগারোটার দিকে নিজেদের পকেট খরচ বাঁচিয়ে জোগাড় করা অর্থে রান্না করা খাবার আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের মধ্যে পরিবেশন করা হয়।

ফ্রেন্ডস জোন সোসাইটির উদ্যোগ

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটির উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়। সংগঠন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংগঠনের সদস্যরা নিজেদের অর্থে ষাট কেজি গরুর মাংস, পোলাওয়ের চাল, ভাতের চাল, ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী ক্রয় করে রান্না করেন। পরে সেগুলো গাজীপুর আশ্রয়কেন্দ্রে নিয়ে গিয়ে বাসিন্দাদের মধ্যে বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ

খাবার প্রস্তুত ও পরিবেশন কার্যক্রমে সংগঠনের সভাপতি মো. ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল খান, জ্যেষ্ঠ সহসভাপতি আশিকুর রহমানসহ অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মো. ফয়সাল আহমেদ বলেন, সংগঠনের অধিকাংশ সদস্য শিক্ষার্থী। তাঁরা ব্যক্তিগত খরচ থেকে সাশ্রয় করে এই উদ্যোগের জন্য অর্থ সংগ্রহ করেছেন। মানবিক দায়িত্ববোধ থেকেই তাঁরা আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের জন্য খাবারের আয়োজন করেছেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের প্রতিক্রিয়া

আশ্রয়কেন্দ্রের বাসিন্দা রহিমা বেগম (৬০) বলেন, 'অনেক দিন ধইরা ভালামন্দ খাই না। অভাবের লইগা ঠিকমতো ভাত-ডাইলই পাতে জোডে না। অনেক দিন পর পেট ভইরা ভালা খাওন খাইলাম, খুব শান্তি লাগতাছে। যারা এই খাওন খাওয়াইছে, তাগো লইগা দোয়া করি।'

প্রশাসনের প্রশংসা

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, গরিব ও অসহায় মানুষের জন্য এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। স্বেচ্ছাসেবীরা মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ