দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত

দেশে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তবে, বৃষ্টির পাশাপাশি ভ্যাপসা গরমেও ভুগছে দেশবাসী। এই বৃষ্টি কি থাকবে নাকি আবার সূর্যের তাপে পুড়বে সবাই, এমন প্রশ্ন অনেকের মনে। এই প্রশ্নের উত্তর দিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটির অনুমান, সারাদেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

শুক্রবারের পূর্বাভাস

শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় দেওয়া পূর্বাভাসে এমনই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম সই করা পূর্বাভাসে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সিনপটিক অবস্থা

শুক্রবার সন্ধ্যা ৬টার সিনপটিক অবস্থার কথা জানিয়ে পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শনিবারের পূর্বাভাস

পূর্বাভাসে বলা হয়, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই সময়ে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রবিবারের পূর্বাভাস

আগামী রবিবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী দিনের আবহাওয়া

একই ধরনের আবহাওয়া আগামী সোম ও মঙ্গলবার থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সর্বশেষ বৃষ্টিপাত ও তাপমাত্রা

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে গোপালগঞ্জে। এ সময়ে জেলাটি ৩৯ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডও করা হয়েছে টাঙ্গাইল ও সিলেটে, ২১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে খুলনার কয়রায়, ৩৬ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস।