ঈদে ফ্যাশনের মেলা: 'সুতোর গল্প'য় দেশীয় নকশায় উদ্যোক্তাদের নতুন সংগ্রহ
ঈদে ফ্যাশন মেলা: 'সুতোর গল্প'য় উদ্যোক্তাদের নতুন সংগ্রহ

ঈদে ফ্যাশনের মেলা: 'সুতোর গল্প'য় দেশীয় নকশায় উদ্যোক্তাদের নতুন সংগ্রহ

রমজানের মধ্য দিয়ে ঈদের আমেজ শুরু হয়েছে। উৎসবকে সামনে রেখে রাজধানীর মাইডাস সেন্টারের ১২ তলায় বসছে একটি বিশেষ প্রদর্শনী ও মেলা। 'সুতোর গল্প: নিজস্বতায় বোনা উৎসব' নামের এই আয়োজন হয়ে উঠেছে ফ্যাশনপ্রেমীদের জন্য এক অনন্য মিলনমেলা। দেশীয় নকশা, কারুকাজ ও সমসাময়িক ভাবনার মেলবন্ধনে সাজানো হয়েছে পুরো ইভেন্টটি।

উদ্যোক্তাদের অংশগ্রহণে সমৃদ্ধ মেলা

আয়োজনকে ঘিরে একত্র হয়েছেন দেশের প্রথিতযশা ও উদীয়মান ফ্যাশন উদ্যোক্তা ও ব্র্যান্ডগুলো। অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠান হাজির হয়েছে তাদের নতুন ও এক্সক্লুসিভ পণ্য নিয়ে। দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও সমসাময়িক নকশায় তৈরি পোশাক থেকে শুরু করে নানা অনুষঙ্গ—সবকিছুই মিলছে এখানে। একই ছাদের নিচে পছন্দের পোশাক ও অনুষঙ্গ বেছে নেওয়ার সুযোগ আছে দর্শনার্থীদের জন্য।

বিভিন্ন ব্র্যান্ডের নতুন সংগ্রহ

বক্স অব অর্নামেন্টস: এবারের আয়োজনেও তুলে ধরেছে আদিবাসী মোটিফে অনুপ্রাণিত নান্দনিক গয়নার এক অনন্য সংগ্রহ। নতুন সংযোজন হিসেবে এসেছে 'আজুলি বাঁ' হাঁসুলী স্টাইলের সেট, যেখানে ব্যবহৃত হয়েছে রেয়ন সিল্কের মোটিফ।

কালিন্দী: মেলা ও ঈদ উপলক্ষ্যে কালিন্দীর নতুন সংযোজন হিসেবে এসেছে আকর্ষণীয় ব্যাগের সংগ্রহ।

খুঁতের শাড়ি: বাঙালি মেয়েদের কাছে খুঁতের শাড়ির আবেদন সত্যিই অন্যরকম। এই ঈদে ব্র্যান্ডটির নতুন সংযোজন হলো সুতার কাজ করা সুন্দর সিল্কের শাড়ি। উৎসবের দিনে যারা সাবেকি আবহের সঙ্গে একটু ভিন্নতার খোঁজ করেন, তাঁদের জন্য এমন শাড়ি হতে পারে অনন্য পছন্দ।

আজুরা বাই শান্তা কবির: প্রাকৃতিক রং নিয়ে কাজ করে এই ব্র্যান্ড। এবারের নতুন সংযোজন মেহেদী দিয়ে রাঙানো একটি সিল্ক শাড়ি। শুধু মেহেদীই নয়, সংগ্রহে রয়েছে পানের খয়ের, হরিতকী, এমনকি কফির মতো প্রাকৃতিক উপাদান থেকে তৈরি নানা শেডের শাড়ি।

মুনমুন'স: ঈদের ফ্যাশনে নতুনত্ব আনতে চাইলে চোখ রাখতে পারেন 'মুনমুন'স'-এর লেয়ারিং ড্রেসে। একরঙা লং ড্রেসের উপর জামদানী শ্রাগে বেশ সুন্দর লাগবে। এই লেয়ারিং স্টাইলের সবচেয়ে বড় সুবিধা হলো বহুমুখিতা। লং ড্রেসটি যেমন আলাদাভাবেও পরা যায়, তেমনি জামদানী শ্রাগটিও টি শার্টের ওপর বা শাড়ির সঙ্গেও স্টাইল করা সম্ভব।

মিথ আর্ট অ্যান্ড ক্রাফটস: আপসাইকেলড উপকরণ আর পাটের মতো দেশীয় উপাদানে তৈরি গয়নাই এই ব্র্যান্ডের মূল আকর্ষণ। এবার ঈদে ও মেলায় ব্র্যান্ডটি নিয়ে এসেছে শিকা অনুপ্রাণিত ফ্লোরাল নেকপিস। গ্রামবাংলার ঘরে ঝুলে থাকা শিকা—যা একসময় ছিল নিত্যদিনের ব্যবহার্য কারুশিল্পের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

পটের বিবি: পটের বিবির বিভিন্ন মোটিফের শাড়ি সবসময়ই বাঙালি মেয়েদের কাছে প্রিয়। এবার ঈদে তাদের সংগ্রহে এসেছে বেশ কিছু নতুন শাড়ি। তবে সেই সংগ্রহের মধ্যে ট্যাপা পুতুল শাড়িটি আলাদাভাবে নজর কাড়ছে।

ঋ: বাংলাদেশে এই প্রথম গয়নার উদ্যোগ ঋ এনেছে কারচুপির নেকপিস ও দুল। যা এই ঈদে ও মেলায় নতুন আকর্ষণ হিসেবে হাজির হয়েছে।

গুটিপায়: এই ঈদে স্টাইলিশ ডাফল মিনি আর টোট ব্যাগ এসেছে গুটিপায় থেকে। অন্যান্য ব্যাগও আছে মেলায় প্রদর্শিত হচ্ছে।

পরম্পরা সিল্ক: সাবেকি ঐতিহ্যের ছোঁয়ায় পরম্পরা সিল্কের আনারকলি শাড়ি নিয়ে এসেছে ভারমিলিয়ন। শাড়িটি যেন পুরোনো দিনের আভিজাত্যকে নতুন করে হাজির করেছে। জড়িসুতার সূক্ষ্ম কাজ করা লাল রঙের শাড়িটি প্রথম দেখাতেই নজর কাড়বে মেলায়। পাশাপাশি আরেকটি ভিন্ন রঙেও পাওয়া যাচ্ছে শাড়িটি।

পৌরাণিক: পৌরাণিকের ব্রাশ মেটালের গয়নাগুলো সবসময়ই অন্যরকম। পোশাকের সঙ্গে পরলে দৃষ্টি কাড়ে সহজেই। তবে যারা ভিন্নধর্মী কিছু খুঁজছেন, তাদের জন্য পাটের তৈরি আপসাইকেলড নেকপিসগুলো হতে পারে বিকল্প পছন্দ। দেশীয় উপকরণ আর পরিবেশবান্ধব ভাবনায় তৈরি এই নেকপিসগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য।

কইন্যা: টাঙ্গাইল মসলিনের উপর নানা মোটিফের ট্রেন্ডি শাড়ির পসরা নিয়ে মেলায় বসেছে কইন্যা। তবে তাঁদের মোমবাটিকের আরামদায়ক শাড়িগুলোই বিশেষ আকর্ষণ হিসেবে দর্শনার্থীদের নজর কেড়েছে।

সরলা: ভিন্নধর্মী ভাবনা আর গল্পনির্ভর নকশার জন্য সরলা বরাবরই আলাদা। এবারের মেলায় তাঁদের নতুন সংযোজনগুলোর মধ্যে বিশেষভাবে নজর কাড়ছে স্বত্বাধিকারীর পরা 'ঢাকার গল্প–২' শাড়িটি। জমিনে ফুটে উঠেছে পুরোনো স্থাপনা, নদী এমনকি ফুচকা আর তেহারির মতো জনপ্রিয় খাবারের চিত্রও।

পোশাক বাই তাননাস: পোশাক বাই তাননাস মানেই সুন্দর সব শাড়ির সম্ভার। তবে তাদের সিগনেচার হ্যান্ডপেইন্ট ফ্লোরাল শাড়ির চাহিদা তুঙ্গে। আছে জরি কোটা শাড়িও সংগ্রহে।

মিতার গল্প: ঈদ সংগ্রহে মিতার গল্পের এমন ফয়েল নকশার শাড়ি না থাকলে চলে? তাড়াতাড়ি মেলায় চলে আসুন নতুন সংগ্রহ দেখতে।

সীবনী: সীবনীর ঈদ সংগ্রহে এমন আরামদায়ক কুর্তি এসেছে এবার, যা উৎসবের দিনে পরিধানের জন্য আদর্শ।

খাদি বাই নুভিয়া: লোকজ শিল্প ও পপ–আর্ট প্রাণিত পোশাক নিয়ে কাজ করে খাদি বাই নুভিয়া। এবারের মেলায় সবচেয়ে বেশি চাহিদায় রয়েছে ওয়ার্লী মোটিফের শাড়ি।

ঋতি: পোলকা ডট আর ফ্লোরাল ছাপা এই সুন্দর শাড়িটি ঋতির নতুন সংগ্রহ। বাকি শাড়িগুলো দেখতে হলে অবশ্যই মেলায় ঢুঁ মাড়তে হবে দর্শনার্থীদের।

সুরঞ্জনা: সুরঞ্জনা এবারের সংগ্রহে নিয়ে এসেছে ফয়েলের নকশা করা ফ্লোরাল শাড়ি। শুধু এটিই নয়, তাদের সংগ্রহে এসেছে আরও কিছু নতুন শাড়ি যা মেলায় প্রদর্শিত হচ্ছে।

আট কুঠুরি নয় দরজা: 'আট কুঠুরি নয় দরজা'–এর ব্রাশ মেটালের গয়নাগুলো সবসময়ই নজরকাড়া। এবারের সংগ্রহের সবচেয়ে আকর্ষণীয় পিস হলো ব্ল্যাক পলিশড ব্রাশ মেটালের নেকপিস, যা ফ্যাশনপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করছে।

মেলাটি ফ্যাশন উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যেখানে তারা তাদের সৃজনশীলতা ও নতুন ডিজাইন উপস্থাপন করতে পারছেন। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে আধুনিকতার সঙ্গে মিলিয়ে তৈরি পণ্যগুলো দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই আয়োজন শুধু পোশাক কেনাকাটার জায়গা নয়, বরং বাংলাদেশের ফ্যাশন শিল্পের বৈচিত্র্য ও সম্ভাবনাকে তুলে ধরার একটি উল্লেখযোগ্য মাধ্যম।