গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে অনেকেই লস্যি পান করতে পছন্দ করেন। তবে বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া মিষ্টি লস্যির পরিবর্তে ভরসা রাখেন নোনতা ‘ছাস’ বা ঘোলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, অতিরিক্ত মিষ্টির কারণে সাধারণ লস্যি তার পছন্দ নয়। বরং গরমের দিনে তিনি পান করেন মহারাষ্ট্রের জনপ্রিয় নোনতা পানীয় ‘ছাস’, যা শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি হজমেও সহায়তা করে।
ছাসের জনপ্রিয়তা ও উপকারিতা
পাঞ্জাব অঞ্চলে উৎপত্তি হলেও বর্তমানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে গ্রীষ্মের জনপ্রিয় পানীয় হিসেবে পরিচিত এই ঘোল। এতে থাকা প্রোবায়োটিক উপাদান অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয়। যাদের গরমে পেটফাঁপা, বদহজম বা অস্বস্তির সমস্যা হয়, তাদের জন্যও এটি আরামদায়ক পানীয় হতে পারে।
ছাস তৈরির উপকরণ
- ২ কাপ টকদই
- ১ চা চামচ জিরা গুঁড়ো
- আধা চা চামচ আদা ও কাঁচা মরিচ বাটা
- আধা চা চামচ বিট লবণ
- স্বাদমতো লবণ
- ১ চা চামচ তেল
- সামান্য গোটা জিরা
- এক চিমটে হিং
- ২ টেবিল চামচ কুচানো ধনেপাতা
- ৪ কাপ ঠান্ডা পানি
প্রস্তুত প্রণালী
প্রথমে টকদই ভালোভাবে ফেটে নিন। এরপর এতে জিরা গুঁড়ো, আদা-লংকা বাটা, বিট লবণ ও পরিমাণমতো লবণ মিশিয়ে নিন। সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশে গেলে এতে ঠান্ডা পানি দিয়ে আবার ফেটিয়ে নিন।
অন্যদিকে একটি কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা জিরা দিন। কয়েক সেকেন্ড পর হিং দিয়ে হালকা নেড়ে ফোড়ন তৈরি করুন। এরপর সেই ফোড়ন দইয়ের মিশ্রণের ওপর ঢেলে দিন। সবশেষে ধনেপাতা ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন প্রিয়াংকার পছন্দের স্বাস্থ্যকর ‘ছাস’।



