ঈদ: আনন্দ, ভালোবাসা ও আত্মার পরিশুদ্ধির অপূর্ব উপলক্ষ
প্রতীকী ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভালোবাসা আর আত্মার পরিশুদ্ধির এক অপূর্ব উপলক্ষ। পবিত্র কোরআনে বলা হয়েছে: ‘নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি।’ (সুরা আল-ইনশিরাহ ৯৪:৬)। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ যেন সেই স্বস্তি ও আনন্দেরই প্রতিফলন। কিন্তু এই আনন্দের মধ্যেও জড়িয়ে থাকে কিছু গভীর স্মৃতি, শৈশবের সেই নির্মল দিনগুলোর কথামালা।
শৈশবের ঈদ: চাঁদ দেখার রোমাঞ্চ ও নতুন প্রাণের সঞ্চার
ছোটবেলায় ঈদ ছিল এক অন্য রকম অনুভূতি। রমজানের শেষদিকে চাঁদ দেখার অপেক্ষা যেন ছিল জীবনের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত। সন্ধ্যায় সবাই আকাশ পানে তাকিয়ে থাকতাম সবার আগে চাঁদ দেখব বলে। নিজের চোখে চাঁদ দেখার পর সেকি আনন্দ! সেকি মজা! কাজী নজরুল ইসলাম তাঁর লেখায় বলেছিলেন, ‘মানুষের জীবনে উৎসব আসে নতুন প্রাণের সঞ্চার করতে।’ সত্যিই, ঈদের সেই চাঁদ যেন আমাদের ছোট্ট হৃদয়ে এক নতুন প্রাণ জাগিয়ে তুলত সে সময়। সবকিছু মিলিয়ে ছোটবেলা যেন সবার কাছেই একটা সোনালি অতীত।
চাঁদরাত: পরিবারের সঙ্গে আনন্দের উচ্ছ্বসিত অধ্যায়
চাঁদরাত ছিল আনন্দের এক উচ্ছ্বসিত অধ্যায়। পরিবারের সবার মধ্যে নতুন জামা প্রদর্শন। কারটা বেশি সুন্দর, তার বিচার হতো। মায়ের হাতে রান্না করা সেমাই, মেহেদিতে হাত রাঙানো আর পরিবারের সবার ছোটখাটো ব্যস্ততা, সবকিছু মিলে এক অপূর্ব আনন্দময় পরিবেশ সৃষ্টি হতো।
ঈদের সকাল: বাবার সঙ্গে নামাজ ও কোলাকুলির স্মৃতি
ঈদের সকালে বাবার সঙ্গে নামাজে যাওয়ার স্মৃতি আজও হৃদয়ে গেঁথে আছে। আগের রাতে তাড়াতাড়ি ঘুমাতাম। সকালে ফজরের নামাজ পড়েই একটু মিষ্টিমুখ করতাম। গ্রামের বিলে সবাই মিলে আনন্দ উল্লাসে ঈদের স্নান করতাম। জুনিয়র–সিনিয়র সবাই একত্র হতাম। সাঁতার প্রতিযোগিতা হতো। এরপর প্রস্তুত হয়ে বাবার আঙুল ধরে একসঙ্গে ঈদগাহ ময়দানে যেতাম। নামাজ শেষে সবাই যখন কোলাকুলি করে ঈদ মোবারক বলত, সেই ভালোবাসার প্রকাশ সত্যিই অতুলনীয়। মনে হতো, কী নির্মল সুন্দর একটি দিন। কী যে উপভোগ্য! আজ বাবা নেই। মনটা খারাপ। কষ্ট হয়। বাবার সঙ্গের সেই স্মৃতি আমায় তাড়া করে। আজও রাত হয়। দিন হয়। সন্ধ্যা হয়। ভোর হয়। বাবাকে ছাড়া ঈদ আসে। ঈদ যায়। প্রকৃতির নিষ্ঠুরতার শিকার হতে হয়।
সালামি ও বন্ধুদের সঙ্গে আনন্দের মুহূর্ত
শৈশবের ঈদের আরেকটি বড় আনন্দ ছিল সালামি পাওয়া। ছোটবেলায় পাওয়া সেই নতুন টাকার মধ্যেই লুকিয়ে থাকত বিশাল সুখ। ঈদে বন্ধুদের সঙ্গে দেখা হতো অনেক দিন পর। দল বেঁধে ঘোরা হতো। হাসি-আড্ডা আর মজার খাবার সব মিলিয়ে দিনটি হয়ে উঠত এক অনন্য উৎসব।
সময়ের পরিবর্তন: প্রযুক্তি ও নতুন সম্পর্কের রঙিন ঈদ
সময়ের সঙ্গে সঙ্গে সেই সরল আনন্দ যেন কিছুটা ফিকে হয়ে গেছে। এখন প্রযুক্তি আর ব্যস্ততার ভিড়ে মানুষের মধ্যে দূরত্ব বেড়েছে। তবু ঈদ এলেই হৃদয়ে বাজে সেই পুরোনো দিনের সুর। জীবনে এসেছে আজ নতুন মানুষ। প্রিয়তমা। তার উপহারে ঈদ রঙিন হয়েছে। তার বাবাকে পেয়েছি বাবা হিসেবে। তার ভাইকে পেয়েছি ভাই হিসেবে।
ঈদের আসল উদ্দেশ্য: সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি
ঈদ আমাদের শেখায়—আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার সঙ্গে ভাগ করে নেওয়া হয়। সমাজের অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের আসল উদ্দেশ্য সফল হয়।
উপসংহার: আন্তরিকতা ও একসঙ্গে থাকার আনন্দ
আজকের এই আধুনিক সময়ে দাঁড়িয়ে, যখন আমরা ঈদের আনন্দ উদ্যাপন করি, তখন স্মৃতির পাতায় ফিরে দেখা সেই শৈশব মনে করিয়ে দেয়; ঈদের আসল সৌন্দর্য লুকিয়ে আছে আন্তরিকতা, ভালোবাসা আর একসঙ্গে থাকার আনন্দে। তাই সবার উচিত আশপাশের পিছিয়ে পড়া মানুষদের ঈদও যেন কিছুটা আনন্দময় হয়, সে প্রচেষ্টা অব্যাহত রাখা।



