নেপালের হিমালয় ট্রেকিং: বাংলাদেশি ভ্রমণপিপাসুদের জন্য সম্পূর্ণ গাইড
নেপালের বিভিন্ন ট্রেকিং রুট বাংলাদেশের ভ্রমণপিপাসুদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। হিমালয়ের অপরূপ দৃশ্য ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতার আকর্ষণে অনেকেই এখন নেপালের পথে পা বাড়াচ্ছেন। তবে সফল ও নিরাপদ ট্রেকিংয়ের জন্য কিছু অপরিহার্য প্রস্তুতি ও সতর্কতা মেনে চলা জরুরি।
ট্রেকিং রুট সম্পর্কে আগে থেকে গবেষণা করুন
হিমালয়ের কোন রুটে ট্রেকিংয়ে যাচ্ছেন, সে সম্পর্কে আগে থেকে বিস্তারিত ধারণা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউটিউবে এসব পথের প্রচুর ভিডিও পাওয়া যায়, যা দেখে আপনি প্রাথমিক ধারণা নিতে পারেন। এছাড়া আগে ট্রেকিং করেছেন, এমন পরিচিত কারও পরামর্শও নিতে পারেন। জেনে নিন পথের ধরন, সর্বোচ্চ উচ্চতা, আবহাওয়ার অবস্থা এবং সম্ভাব্য চ্যালেঞ্জগুলো সম্পর্কে।
শারীরিক সক্ষমতা অর্জন করুন
বরফঢাকা পর্বতের টানে আপনি হয়তো পা বাড়িয়েছেন, কিন্তু টানা কয়েক দিন পার্বত্যপথে হাঁটার শারীরিক সক্ষমতা কি অর্জন করেছেন? প্রতিদিন ৫ থেকে ৭ ঘণ্টা হাঁটার সক্ষমতা থাকা জরুরি। এ জন্য ট্রেকিংয়ে যাওয়ার আগে থেকেই ব্যাগে ৫ থেকে ১০ কেজি ওজন নিয়ে নিয়মিত হাঁটা, সিঁড়ি ওঠানামা এবং হালকা ব্যায়ামের মাধ্যমে নিজের শারীরিক সক্ষমতা বাড়িয়ে নিন।
উচ্চতায় অক্সিজেন স্বল্পতার জন্য প্রস্তুত হোন
আপনি হয়তো রাঙামাটির সাজেক ভ্রমণ করেছেন, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ৪৫৮ মিটার। কিন্তু নেপালের অন্নপূর্ণা বেজক্যাম্পের উচ্চতা ৪ হাজার ১৩০ মিটার এবং এভারেস্ট বেজক্যাম্প ৫ হাজার ৩৬৪ মিটার। পর্বতে উচ্চতা যত বাড়তে থাকে, অক্সিজেনের পরিমাণ তত কমতে থাকে। বাতাসে অক্সিজেনের পরিমাণ কম থাকায় শরীর খাপ খাওয়াতে সময় নেয়। হঠাৎ দ্রুত ওপরে উঠলে অসুস্থ হওয়ার ঝুঁকি থাকে, তাই ট্রেকিংয়ে যাওয়ার আগেই শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করুন।
সঠিক সরঞ্জাম ও পোশাক নির্বাচন করুন
ভালো ট্রেকিং বুট, গরম কাপড়, রেইনকোট এবং স্লিপিং ব্যাগ অপরিহার্য। সস্তা বা অনুপযুক্ত সরঞ্জাম বিপদের কারণ হতে পারে। আবহাওয়ার সঙ্গে মানানসই পোশাক বেছে নিন, কারণ পাহাড়ে আবহাওয়া দ্রুত বদলায়। রোদেলা দিনও মুহূর্তে বৃষ্টি বা তুষারপাতে পরিণত হতে পারে।
পারমিট ও কাগজপত্র সংগ্রহ করুন
নেপালের অধিকাংশ ট্রেকিং রুটে পারমিট লাগে। কোনো এজেন্সি বা ভ্রমণ গ্রুপের সঙ্গে গেলে তারাই এই কাজটি করে দেয়। তবে একা গেলে, সংশ্লিষ্ট এলাকার পারমিট আগে থেকে সংগ্রহ করুন। এটি আইনি জটিলতা এড়াতে সাহায্য করবে।
অভিজ্ঞ গাইড ও পোর্টার নিন
নতুনদের জন্য গাইড নেওয়া নিরাপদ। সামর্থ্য থাকলে ব্যাগ বহনের জন্য পোর্টারও নিতে পারেন। তারা পথ চেনে এবং জরুরি পরিস্থিতি সামাল দিতে পারে। আবার বিশেষ কিছু রুটে গাইড বাধ্যতামূলক, তাই আগে থেকে তথ্য জেনে নিন।
আবহাওয়ার পূর্বাভাস জানুন
পাহাড়ে আবহাওয়া দ্রুত বদলায়, তাই যাত্রার আগে ও চলাকালে নিয়মিত আবহাওয়ার খবর নিন। এটি অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে সাহায্য করবে।
পর্যাপ্ত পানি ও খাবার রাখুন
উচ্চতায় শরীর দ্রুত পানিশূন্য হয়, তাই প্রতিদিন ৩ থেকে ৪ লিটার পানি পান করুন। সহজপাচ্য ও শক্তিদায়ক খাবার গ্রহণ করা ভালো, যা আপনাকে শক্তি জোগাবে।
ট্রাভেল ইনস্যুরেন্স করুন
হিমালয়ে জরুরি উদ্ধার ব্যয়বহুল হতে পারে, তাই হেলিকপ্টার রেসকিউ কাভারসহ ট্রাভেল ইনস্যুরেন্স নেওয়া জরুরি। এটি অনাকাঙ্ক্ষিত ঝুঁকি কমায় এবং নিরাপত্তা নিশ্চিত করে।
ধৈর্য ও মানসিক প্রস্তুতি নিন
ট্রেকিং শুধু শারীরিক নয়, মানসিক পরীক্ষাও। ক্লান্তি, ঠান্ডা এবং থাকা–খাওয়ার সীমিত সুযোগ–সুবিধার সঙ্গে মানিয়ে নিতে হবে। সবার আগে নিরাপত্তা বিবেচনা করুন—গন্তব্যে পৌঁছানোই একমাত্র লক্ষ্য নয়, নিরাপদে ফেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রয়োজন হলে মাঝপথে ফিরে আসার সিদ্ধান্তও নিতে হয়। শরীর খারাপ লাগলে বা পরিস্থিতি প্রতিকূল হলে জোর না করে নিচে নেমে আসুন।



