বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভ্রমণ নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মিসর দূতাবাস। এখন থেকে মিসর হয়ে অন্য দেশে যেতে হলে আগেই ট্রানজিট ভিসা সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার (২৫ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এ তথ্য জানায়।
ট্রানজিট ভিসা সংগ্রহের নিয়ম
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিসরীয় কর্তৃপক্ষের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ট্রানজিট ভিসা অবশ্যই ঢাকাস্থ মিসর দূতাবাস থেকে আগে সংগ্রহ করতে হবে। বিমানবন্দরে গিয়ে এ ভিসা নেওয়ার সুযোগ থাকবে না।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- ট্রানজিট ভিসা অবশ্যই পূর্বেই ঢাকাস্থ মিসর দূতাবাস থেকে সংগ্রহ করতে হবে।
- ভ্রমণকারীর অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে চূড়ান্ত গন্তব্য দেশের বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট থাকতে হবে।
- ভ্রমণপথে মিশর অবশ্যই অন্য একটি গন্তব্যে যাওয়ার ট্রানজিট পয়েন্ট হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে।
- মিসরে প্রবেশ মিশরের অভিবাসন নীতিমালা মেনে চলার ওপর নির্ভরশীল, যার মধ্যে প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত না থাকা অন্যতম।
সম্ভাব্য ভোগান্তি এড়াতে ভ্রমণের আগেই প্রয়োজনীয় ট্রানজিট ভিসা সংগ্রহের আহ্বান জানিয়েছে দূতাবাস। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে দূতাবাসের কনস্যুলার শাখার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।



