টানা ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটির সাজেক ভ্যালিতে আটকে পড়েছেন প্রায় ৪০০ পর্যটক। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রিসোর্ট মালিক সমিতির সহ-সভাপতি মতিজয় ত্রিপুরা।
পর্যটকরা নিরাপদে থাকলেও চলাচল ঝুঁকিপূর্ণ
মতিজয় ত্রিপুরা বলেন, ‘টানা ভারী বৃষ্টিতে দিঘীনালা-বাঘাইহাট-মাচালং পাহাড়ি ঢলে ডুবে গেছে। এই পথে স্রোত থাকায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। গত দুই দিনে সাজেকে সব মিলে ৪০০-এর কিছু বেশি পর্যটক ভ্রমণে এসেছিলেন। তারা সবাই নিরাপদে আছে। তবে সড়কে পানি না সরে যাওয়া পর্যন্ত কেউ বের হতে পারবেন না। তাই যারাই সাজেকে আছেন, তাদের শুধু সার্ভিস চার্জ দিয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে।’
জেলা প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা
অন্যদিকে, মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটিতে ভারী বর্ষণ ও পাহাড়ধসের শঙ্কায় সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
পরিস্থিতি পর্যবেক্ষণ ও ব্যবস্থা
প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাজেকে না আসার অনুরোধ জানানো হয়েছে। আটকে পড়া পর্যটকদের জন্য রিসোর্টগুলোতে থাকার ব্যবস্থা করা হয়েছে। সড়ক পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



