ইসলামে পোশাক শুধু সৌন্দর্যের বিষয় নয়, বরং লজ্জাশীলতা ও সতর রক্ষার মাধ্যম। অনেক মুসলিমের মনে প্রশ্ন জাগে—বাসায় অবস্থানকালে পুরুষের জন্য হাঁটু খোলা হাফপ্যান্ট পরা কি বৈধ? বিশেষ করে পরিবারের অন্যান্য সদস্য বা সন্তানদের উপস্থিতিতে ইসলামের নির্দেশনা কী? কুরআন ও হাদিসের আলোকে এ বিষয়ে সঠিক বিধান জানা গুরুত্বপূর্ণ।
ইসলামে সতর রক্ষার গুরুত্ব
ইসলাম মানুষের সম্মান ও মর্যাদা রক্ষার জন্য সতর ঢেকে রাখাকে অপরিহার্য করেছে। পুরুষের সতর সাধারণভাবে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত অংশ। তাই অন্যের সামনে এই অংশ খোলা রাখা শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'তোমার স্ত্রী অথবা তোমার অধীনস্থ দাসী ছাড়া অন্য সকলের সামনে তোমার সতর সংরক্ষণ করো।' (আবু দাউদ ৪০১৭, তিরমিজি ২৭৬৯)
স্বামী-স্ত্রীর মধ্যে পোশাক ও সতরের বিধান
স্বামী-স্ত্রীর সম্পর্ক ইসলামে অত্যন্ত ঘনিষ্ঠ ও পবিত্র। তারা পরস্পরের সামনে সতর প্রকাশ করতে পারেন। আল্লাহ তাআলা বলেন—'তারা (স্ত্রীরা) তোমাদের জন্য পোশাক এবং তোমরা তাদের জন্য পোশাক।' (সুরা আল-বাকারা: আয়াত ১৮৭) মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, পোশাক যেমন শরীরকে আচ্ছাদিত করে, তেমনি স্বামী-স্ত্রী পরস্পরের জন্য নিরাপদ ও নির্ভরশীল। তাই তারা একান্তে থাকলে হাঁটু খোলা হাফপ্যান্ট বা অন্য যেকোনো বৈধ পোশাক পরতে পারেন।
পরিবারের অন্যান্য সদস্যের সামনে বিধান
তবে বাসায় স্ত্রী ছাড়া অন্য সদস্য—যেমন মা, বোন, সন্তান বা আত্মীয়—উপস্থিত থাকলে হাঁটু খোলা হাফপ্যান্ট পরা জায়েজ নয়। কারণ তাদের সামনেও পুরুষের সতর (নাভি থেকে হাঁটু) ঢেকে রাখা আবশ্যক। হাদিসে এসেছে, 'তোমরা নগ্নতা থেকে বিরত থাকো। কারণ তোমাদের সঙ্গে ফেরেশতা রয়েছেন যারা পেশাব-পায়খানা ও স্ত্রীর সঙ্গে নির্জন মুহূর্ত ছাড়া কখনো পৃথক হন না।' (তিরমিজি ২৮০০)
সর্বাবস্থায় শালীনতা রক্ষার নির্দেশনা
ইসলাম শুধু বৈধতার সীমা নির্ধারণ করেনি, বরং সর্বোচ্চ শালীনতা ও লজ্জাশীলতার শিক্ষা দিয়েছে। হাদিসের আলোকে মুসলমানের উচিত সবসময় শালীন পোশাক পরা, এমনকি নির্জন অবস্থায়ও ফেরেশতাদের প্রতি সম্মান প্রদর্শন করা। তাই বাসায় একা থাকলেও হাঁটু খোলা হাফপ্যান্ট পরা থেকে বিরত থাকা উত্তম।



