নামাজে মনোযোগ বৃদ্ধির দোয়া: রাসুল (সা.)-এর শেখানো আমল
নামাজে মনোযোগ বৃদ্ধির দোয়া: রাসুল (সা.)-এর শেখানো আমল

নামাজ মুসলিম জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত হলেও অনেকেই নামাজে মনোযোগের অভাবে ভোগেন। অলসতা বা অনীহা দূর করতে ইসলাম শুধু নির্দেশই দেয়নি, বরং আল্লাহর কাছে সাহায্য চাওয়ার একটি বিশেষ দোয়াও শিখিয়েছে। রাসুলুল্লাহ (সা.) তার প্রিয় সাহাবি হজরত মুআয ইবনু জাবাল (রা.)-কে এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যা নিয়মিত পড়লে আল্লাহর স্মরণ, কৃতজ্ঞতা এবং সুন্দরভাবে ইবাদত করার তৌফিক লাভের আশা করা যায়।

দোয়াটি কী এবং এর অর্থ

দোয়াটি হলো: اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ। উচ্চারণ: ‘আল্লাহুম্মা আ'ইন্নি আলা জিকরিকা, ওয়া শুকরিকা, ওয়া হুসনি ইবাদাতিকা।’ অর্থ: ‘হে আল্লাহ! তোমার স্মরণে, তোমার প্রতি কৃতজ্ঞতায় এবং তোমার সুন্দরভাবে ইবাদত করতে আমাকে সাহায্য করুন।’ এই দোয়াটি নিয়মিত পাঠ করলে নামাজের প্রতি আগ্রহ, মনোযোগ এবং ইবাদতের আন্তরিকতা বৃদ্ধি পায়।

রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা

হজরত মুআয ইবনু জাবাল (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) তার হাত ধরে বলেছিলেন: ‘হে মুআয! আল্লাহর কসম, আমি তোমাকে ভালোবাসি। তাই তুমি কখনোই প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়া পড়া ছেড়ে দেবে না— “হে আল্লাহ! তোমার স্মরণ, তোমার প্রতি কৃতজ্ঞতা এবং সুন্দরভাবে তোমার ইবাদত করার জন্য আমাকে সাহায্য করুন।”’ (আবু দাউদ ১৫২২, নাসাঈ ১৩০৩)

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কুরআনের নির্দেশনা

আল্লাহ তাআলা সুরা আল-বাকারায় বলেন: ‘তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই তা বিনয়ীদের ছাড়া অন্যদের জন্য কঠিন।’ (সুরা আল-বাকারা: আয়াত ৪৫) আরও ইরশাদ হয়েছে: ‘নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে— যারা তাদের নামাজে বিনয়ী ও একাগ্রচিত্ত।’ (সুরা আল-মু'মিনুন: আয়াত ১–২)

কখন পড়বেন এই দোয়া

রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশ অনুযায়ী, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর এই দোয়া পড়া সুন্নত। এছাড়া দিনের অন্য সময়েও আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চেয়ে পড়া যেতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মনোযোগ ও ইবাদতের স্বাদ

নামাজে একাগ্রতা ও ইবাদতের স্বাদ অর্জন মানুষের নিজের শক্তিতে নয়, বরং আল্লাহর বিশেষ অনুগ্রহে সম্ভব। তাই নামাজে অলসতা বা অনীহা অনুভব করলে হতাশ না হয়ে আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করা উচিত। রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো এই সংক্ষিপ্ত অথচ গভীর অর্থবহ দোয়াটি নিয়মিত আমল করলে আল্লাহর স্মরণ, কৃতজ্ঞতা এবং সুন্দরভাবে ইবাদত করার তৌফিক লাভের আশা করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুশু-খুজুর সঙ্গে নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।