নামাজের সালাম ফেরানোর সঠিক পদ্ধতি: শুরু ও শেষ কোথায়?
নামাজের সালাম ফেরানোর সঠিক পদ্ধতি

আল্লাহ তায়ালা মানবজাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তাঁর ইবাদতের জন্য। আর ইবাদতের মধ্যে সর্বোত্তম রূপ হলো নামাজ। নামাজ শুধু ব্যক্তিগত জীবনে নয়, বরং সামাজিক ও আধ্যাত্মিক জীবনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘নামাজ হলো দ্বীনের স্তম্ভ।’ অর্থাৎ নামাজ ব্যতীত ধর্মের ভিত্তি সুদৃঢ় হয় না। নামাজের প্রসঙ্গ এলে অনেকেই জানতে চান, নামাজে সালাম ফেরানোর সঠিক পদ্ধতি কী? উভয় সালাম কোথা থেকে শুরু করতে হবে এবং কোথায় শেষ করতে হবে? চলুন তাহলে জেনে নিই সালাম ফেরানোর সঠিক পদ্ধতি।

নামাজে সালাম ফেরানো ওয়াজিব

নামাজ শেষে সালাম ফেরানো ওয়াজিব। নামাজ শুরু হয় ‘তাকবিরে তাহরিমা’ বা ‘আল্লাহু আকবার’ বলার মাধ্যমে, আর শেষ হয় ‘সালাম’ ফেরানোর মাধ্যমে। এই ক্ষেত্রে সালাম ফেরানোর সময় কখন সালাম বলতে হবে এবং কখন মাথা ঘুরাতে হবে তা নিয়ে অনেকের মধ্যে সংশয় দেখা যায়। নামাজের সালাম হলো ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’ (اَلسَّلَامُ عَلَيْكُمْ وَ رَحْمَةُ الله) বলে ডান ও বাম দিকে সালাম ফেরানো। কিন্তু এই সালাম কীভাবে ফেরাতে হবে? সালাম ফেরানোর সময় কীভাবে শুরু করতে হবে, কীভাবে শেষ করতে হবে? নাকি সামনের দিকে তাকিয়ে সালাম বলে তারপর ডানে-বামে চেহারা ফেরাতে হবে?

সালামের উচ্চারণের নিয়ম

নামাজের সালামের সময় শব্দগুলো অতিরিক্ত দীর্ঘ বা ‘মদ’ (টেনে) না করে স্বাভাবিকভাবে উচ্চারণ করতে হবে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, সালাম ‘হাজফ’ করা সুন্নত। বিখ্যাত হাদিসবিশারদ ইবনে মোবারক (রহ.) এই ‘হাজফ’-এর ব্যাখ্যায় বলেন—‘হাজফ’ অর্থ হলো, সালামের শব্দকে বেশি ‘মদ’ না করা, অর্থাৎ টেনে দীর্ঘ না করা। (জামে তিরমিজি: ২৯৭)

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সালাম ফেরানোর সঠিক পদ্ধতি

চেহারা কেবলার দিকে থাকা অবস্থায় সালামের শব্দ বলা শুরু করবে এবং ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’ (اَلسَّلَامُ عَلَيْكُمْ وَ رَحْمَةُ الله) বলতে বলতে চেহারা কেবলার দিক থেকে ডান দিকে ফেরাবে। অনুরূপভাবে দ্বিতীয় সালাম ফেরানোর সময়ও কিবলার দিক থেকে সালাম বলা শুরু করবে এবং ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’ (اَلسَّلَامُ عَلَيْكُمْ وَ رَحْمَةُ الله) বলতে বলতে চেহারা কেবলার দিক থেকে বাম দিকে ফেরাবে। বিখ্যাত হাদিসবিশারদ ইমাম নববি (রহ.) বলেন, ‘কেবলার দিকে চেহারা থাকা অবস্থায় সালাম শুরু করবে এবং চেহারা ঘুরানো অবস্থায় সালাম সম্পন্ন করতে থাকবে। যাতে চেহারা ঘুরানো শেষ হওয়ার সাথে সাথে সালামও শেষ হয়ে যায়।’ (আলমাজমু শরহুল মুহাজ্জাব: ৩/৪৫৮)