শুভ বুদ্ধপূর্ণিমা: শান্তির বাণী ও মানবিকতার শিক্ষা
শুভ বুদ্ধপূর্ণিমা: শান্তির বাণী ও মানবিকতা

আজ শুভ বুদ্ধপূর্ণিমা। বাংলাদেশের মতো বহু ধর্ম, বহু সংস্কৃতি ও বহু পরিচয়ের সহাবস্থানের দেশে এই দিন শুধু একটি ধর্মীয় তিথি নয়; বরং সহিষ্ণুতা, সম্প্রীতি ও মানবিকতার এক গুরুত্বপূর্ণ স্মারক। আমাদের সামাজিক ঐতিহ্যের ভিতই হলো পারস্পরিক সম্মান ও শান্তিপূর্ণ সহাবস্থান। কিন্তু বাস্তবতা হলো, সাম্প্রতিক সময়ে নানা বৈশ্বিক অস্থিরতা, সামাজিক বিভাজন ও উসকানির প্রভাবে সেই সম্প্রীতি মাঝেমধ্যে চ্যালেঞ্জের মুখে পড়ছে। এমন এক সময়ে বুদ্ধপূর্ণিমা আমাদের আবারও মনে করিয়ে দেয়—শান্তি বাইরে থেকে আসে না, তা গড়ে তুলতে হয় মানুষের ভেতর থেকেই।

বুদ্ধপূর্ণিমার তাৎপর্য

মানবসভ্যতার ইতিহাসে এই তিথির বিশেষ তাৎপর্য আছে। কারণ, জন্ম, জ্ঞান প্রাপ্তি ও মহাপরিনির্বাণ—এই তিন ঘটনাই এক দিনে স্মরণ করা হয়। তাই এটি শুধু স্মৃতির দিন নয়; বরং মানবতার এক গভীর শিক্ষা বহনকারী দিন। কিন্তু এই পবিত্র সময়েই যখন আমরা চারদিকে তাকাই; দেখি যুদ্ধ, সংঘাত, প্রতিহিংসা আর ক্ষমতার লড়াইয়ে বিশ্ব যেন অস্থির হয়ে উঠেছে। মানুষ যত উন্নত প্রযুক্তি অর্জন করছে, ততই যেন মানবিকতার জায়গাটি সংকুচিত হয়ে যাচ্ছে।

যুদ্ধ ও অস্থিরতার বর্তমান বিশ্ব

আজকের পৃথিবীতে যুদ্ধ শুধু সীমান্ত বা সম্পদের লড়াই নয়। এর গভীরে আছে মানুষের ভেতরের লোভ, ক্রোধ ও অন্ধ–আসক্তি। মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ কিংবা ফিলিস্তিন, বিশ্বের নানা প্রান্তে রক্তপাত যেন এক নিয়মিত দৃশ্য। রাষ্ট্রের নিরাপত্তা, ধর্ম কিংবা জাতীয় স্বার্থের নামে মানুষ মানুষকেই ধ্বংস করছে। এই বাস্তবতায় প্রশ্ন জাগে—আমরা কি সত্যিই এগোচ্ছি, নাকি অন্য এক ধরনের অন্ধকারে ঢুকে পড়ছি?

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গৌতম বুদ্ধের শিক্ষা

এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হয় আড়াই হাজার বছর আগে, গৌতম বুদ্ধের কাছে। তিনি মানুষের মনের ভেতরের অস্থিরতাকে বুঝেছিলেন। তিনি বলেছিলেন, মানুষের দুঃখের মূল কারণ লোভ, দ্বেষ ও মোহ—এগুলো দূর করতে পারলেই সত্যিকারের মুক্তি সম্ভব।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বুদ্ধের শিক্ষা খুব সহজ, কিন্তু গভীর। তিনি অহিংসাকে শুধু একটি আদর্শ হিসেবে নয়; বরং দৈনন্দিন জীবনের অংশ হিসেবে দেখেছেন। তাঁর ‘মধ্যমার্গ’ আমাদের শেখায়, অতিরিক্ত ভোগ বা চরম ত্যাগ—দুটোর কোনোটাই সঠিক পথ নয়। ভারসাম্যপূর্ণ জীবনই শান্তির ভিত্তি। আর এই শান্তি কেবল ব্যক্তিগত নয়, সামাজিকও।

বিশ্বশান্তিতে বুদ্ধের প্রাসঙ্গিকতা

বিশ্বশান্তির প্রশ্নে তাঁর ‘মৈত্রী’ও ‘করুণা’র শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক। তিনি বলেছেন, সব জীবের প্রতি সমান সহানুভূতি দেখাতে হবে। “সব্বে সত্তা সুখিতা হোন্তু”—এই বাক্য শুধু প্রার্থনা নয়, এটি একটি দায়বদ্ধতা। যদি মানুষ সত্যিই এই ভাবনা ধারণ করত, তাহলে যুদ্ধের প্রয়োজন অনেকটাই কমে যেত।

বুদ্ধপূর্ণিমার শিক্ষা গ্রহণ

বুদ্ধপূর্ণিমার এই দিনে তাই শুধু আনুষ্ঠানিকতা নয়, প্রয়োজন তাঁর শিক্ষাকে জীবনে ধারণ করা। যুদ্ধবিধ্বস্ত বিশ্বে শান্তির বীজ বপন করতে হলে বুদ্ধের অহিংস দর্শনকেই আবার কেন্দ্রস্থলে আনতে হবে। যুদ্ধ-আঁধারে জ্বলুক বুদ্ধের আলো।