হজ কিংবা ওমরাহ করতে রওয়ানা হওয়ার সময় যদি কোনো নারীর পিরিয়ড শুরু হয়, তবে তার করণীয় কী? সে কি হজ ও ওমরাহর ইহরাম বাঁধতে পারবে? ইসলামী বিধান অনুযায়ী, পিরিয়ড চলাকালীন সময়ে হজ কিংবা ওমরাহ করায় কোনো প্রতিবন্ধকতা নেই। পিরিয়ড চলাকালীন সময়ে সব কাজ স্বাভাবিকভাবে করা যাবে, শুধু নামাজ ও তাওয়াফ বন্ধ থাকবে।
ওমরাহর ক্ষেত্রে করণীয়
ওমরাহর সময় ইহরাম পড়বেন। ইহরাম পড়ার জন্য পিরিয়ড কোনো বাধা নয়। শুধু ইহরামের নামাজ পড়া যাবে না। ইহরাম পরিধান করবেন, দোয়া করবেন, তালবিয়া পড়বেন। এরপর মক্কায় গিয়ে হোটেলে অপেক্ষা করবেন। নির্ধারিত সময়ের পর পিরিয়ড থেকে পবিত্র হওয়ার পর কাবা শরিফ তাওয়াফ ও সাঈ করার মাধ্যমে ওমরাহ শেষ করবেন।
হজের ক্ষেত্রে করণীয়
হজের ক্ষেত্রে যদি পিরিয়ড হয়, তবে ইহরাম পরিধান করবেন, পিরিয়ড কোনো সমস্যা নয়। তারপর মিনায় যাওয়া ও অবস্থান করা, আরাফায় যাওয়া ও অবস্থান করা, দোয়া পড়া, তালবিয়া পড়া সবকিছুই করা যাবে। তারপর মুজদালিফায় যাওয়া ও অবস্থান করা। জামরাতে গিয়ে পাথর নিক্ষেপ করা সবই চলবে। শুধু নামাজ পড়া যাবে না আর হজের যে ফরজ তাওয়াফ আছে সেটা করা যাবে না। তাহলে তাওয়াফ কখন করবেন? সোজা উত্তর— যখন পবিত্র হবেন, তখন হজের ফরজ তাওয়াফ করবেন। সেটা ৫ দিন কিংবা ৭ দিন পরে হলেও সমস্যা নেই।
গুরুত্বপূর্ণ বিষয়
- পিরিয়ড চলাকালীন ইহরাম বাঁধা যাবে।
- নামাজ ও তাওয়াফ ছাড়া অন্যান্য সব কাজ করা যাবে।
- পবিত্র হওয়ার পর তাওয়াফ করতে হবে।
হজ ও ওমরাহ ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। পিরিয়ডের কারণে এগুলো বাদ দেওয়া যাবে না। বরং ইসলামী বিধান মেনে সঠিকভাবে পালন করতে হবে।



