জীবন পরীক্ষায় সফল হতে কোরআনের ১০টি আয়াত
জীবন পরীক্ষায় সফল হতে কোরআনের ১০ আয়াত

ছবি: ফ্রিপিক

পার্থিব জীবনকে পবিত্র কোরআনে একটি ‘পরীক্ষাগার’ হিসেবে অভিহিত করা হয়েছে। এখানে আমাদের ধন-সম্পদ, সন্তান-সন্ততি এবং সামর্থ্য—সবই সেই পরীক্ষার একেকটি অনুষঙ্গ।

এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং প্রকৃত সাফল্য লাভের জন্য আল্লাহ–তাআলা কোরআনে কিছু সুনির্দিষ্ট নীতিমালা দিয়েছেন। জীবন-সংগ্রামের এই পরীক্ষায় সফল হতে সহায়ক এমন ১০টি আয়াত:

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

১. সম্পদ ও সন্তান দুনিয়ার পরীক্ষা

আমাদের চারপাশের মায়া ও মমতা অনেক সময় আমাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত করে। মনে রাখতে হবে, এগুলো আমাদের সামর্থ্য প্রমাণের একেকটি মাধ্যম মাত্র।

উচ্চারণ: ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযিম।

অর্থ: আর জেনে রাখো, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তো পরীক্ষা মাত্র। আর আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কার। (সুরা আনফাল, আয়াত: ২৮)

২. পবিত্র উপার্জন থেকে ব্যয়

সাফল্যের প্রথম ধাপ হলো উপার্জনের স্বচ্ছতা। কেবল হালাল ও পবিত্র সম্পদ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করলেই সেই পরীক্ষা সার্থক হয়।

উচ্চারণ: ইয়া আইয়্যুহাল্লাযিনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম।

অর্থ: হে মুমিনগণ! তোমরা যা উপার্জন করেছ এবং আমি যা ভূমি থেকে উৎপন্ন করেছি, তার পবিত্র অংশ থেকে ব্যয় করো। (সুরা বাকারা, আয়াত: ২৬৭)

৩. প্রিয় বস্তু ত্যাগের মাধ্যমে কল্যাণ

জীবন পরীক্ষায় প্রকৃত পুণ্য তখনই অর্জিত হয়, যখন আমরা নিজের সবচেয়ে প্রিয় ও পছন্দের জিনিসটি অন্যের কল্যাণে উৎসর্গ করতে পারি।

উচ্চারণ: লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন।

অর্থ: তোমরা কখনো পুণ্য লাভ করতে পারবে না, যতক্ষণ না তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় করো। (সুরা আলে ইমরান, আয়াত: ৯২)

৪. বহুগুণ প্রতিদানের নিশ্চয়তা

পরিশ্রম বা ত্যাগের ফল কখনো বৃথা যায় না। আল্লাহর পথে ব্যয় করা সম্পদ বীজের মতো, যা থেকে শতগুণ সাফল্যের ফসল উৎপন্ন হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উচ্চারণ: মাছালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাছালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা।

অর্থ: যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মতো যা সাতটি শিষ উৎপন্ন করল এবং প্রতিটি শিষে একশ দানা। (সুরা বাকারা, আয়াত: ২৬১)

৫. ধারাবাহিকতা ও দানশীলতা

সাফল্য কোনো সাময়িক বিষয় নয়। গোপনে বা প্রকাশ্যে, সুদিনে বা দুর্দিনে—সর্বাবস্থায় কল্যাণের পথে অবিচল থাকাই সফলদের বৈশিষ্ট্য।

উচ্চারণ: আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান।

অর্থ: যারা রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে নিজেদের সম্পদ ব্যয় করে, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে। (সুরা বাকারা, আয়াত: ২৭৪)

৬. মিতব্যয়িতা ও ভারসাম্য

হাত গুটিয়ে রাখলে যেমন চলা যায় না, তেমনি অপ্রয়োজনীয় ব্যয় মানুষকে নিঃস্ব করে। জীবনের এই ভারসাম্য বজায় রাখাই হলো সফল হওয়ার কৌশল।

উচ্চারণ: ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলূলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি।

অর্থ: তুমি তোমার হাত তোমার গলায় আবদ্ধ করে রেখো না (কৃপণ হয়ো না) এবং তা সম্পূর্ণ প্রসারিতও করো না। (সুরা ইসরা, আয়াত: ২৯)

৭. সামাজিক দায়িত্ব ও হকের সুরক্ষা

কেবল নিজের সাফল্যে বিভোর না থেকে আত্মীয়, অসহায় ও মুসাফিরদের পাশে দাঁড়ানোই হলো জীবন পরীক্ষার অন্যতম আবশ্যিক শর্ত।

উচ্চারণ: ওয়া আতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকীনা ওয়াবনাস সাবীলি।

অর্থ: আর নিকটাত্মীয়কে তার প্রাপ্য দাও এবং মিসকিন ও মুসাফিরকেও। আর কিছুতেই অপচয় করো না। (সুরা ইসরা, আয়াত: ২৬)

৮. পরিশুদ্ধি ও বরকত লাভ

জাকাত বা দান কেবল সম্পদ কমায় না, বরং এটি মানুষের আত্মাকে কৃপণতা থেকে মুক্ত করে এবং সম্পদে বরকত নিয়ে আসে।

উচ্চারণ: খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা।

অর্থ: তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করো, যার মাধ্যমে তুমি তাদের পবিত্র ও পরিশুদ্ধ করবে। (সুরা তাওবা, আয়াত: ১০৩)

৯. সম্পদ কুক্ষিগত করার পরিণাম

যারা কেবল নিজের ভাণ্ডার পূর্ণ করতে ব্যস্ত এবং অন্যের প্রয়োজনে সাড়া দেয় না, তাদের এই জাগতিক সাফল্য পরকালে দুঃখের কারণ হতে পারে।

উচ্চারণ: ওয়াল্লাযিনা ইয়াকনিযুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ।

অর্থ: আর যারা সোনা ও রুপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। (সুরা তাওবা, আয়াত: ৩৪)

১০. মোহ কাটিয়ে জান্নাতমুখী হওয়া

সম্পদের প্রতি মোহ মানুষের স্বভাবজাত। তবে এই মোহকে জয় করে যিনি একে পরকালের পাথেয় বানাতে পারেন, তিনিই প্রকৃত সফল।

উচ্চারণ: ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা।

অর্থ: আর তোমরা সম্পদকে প্রবল ভালোবাসায় ভালোবাসো। (সুরা ফজর, আয়াত: ২০)

পার্থিব জীবনের প্রতিটি ছোট-বড় পরীক্ষায় সফল হতে হলে আমাদের কর্মে সততা, ব্যয়ে ভারসাম্য এবং আচরণে উদারতা থাকা প্রয়োজন। কোরআনের এই শিক্ষাগুলো আমাদের জীবনকে আরও অর্থবহ করে তুলুক। আমিন।