হাজীদের সেবায় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী
হাজীদের সেবায় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, এ বছর হাজীদের সেবা ও কল্যাণ নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করেছে ধর্ম মন্ত্রণালয়। তিনি বলেন, হজের পুরো সময়জুড়ে মন্ত্রী হিসেবে নয়, হাজীদের একজন খাদেম হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি।

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী

শুক্রবার রাতে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরবের মক্কায় হজ-পরবর্তী এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, প্রধানমন্ত্রী আমাকে হাজীদের ‘খাদেম’ হিসেবে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি।

প্রধানমন্ত্রীর উদ্যোগ

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হাজীদের সেবায় বিশেষ গুরুত্ব দিয়েছেন। ওনার উদ্যোগে হাজীদের বিনামূল্যে লাগেজ র‌্যাপিং, পানিসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে এবং আরাফা-মিনায় হাজীদের জুস বিতরণ করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সফল হজ ব্যবস্থাপনা

তিনি আরও বলেন, এবারের হজ ব্যবস্থাপনা আল্লাহর অশেষ রহমতে সফলভাবে সম্পন্ন হয়েছে। এ সফলতার পেছনে ধর্ম মন্ত্রণালয়, হজ অফিস, চিকিৎসক দল, প্রশাসনিক কর্মকর্তা, হাব নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। তবে সবচেয়ে বড় অবদান মহান আল্লাহর।

তিনি আরও বলেন, হজ চলাকালে হাজীদের বিভিন্ন সমস্যা সমাধান, আবাসন, চিকিৎসা ও সার্বিক সেবার বিষয়গুলো নিয়মিত তদারকি করা হয়েছে। বাংলাদেশি হাজীরা যেন নির্বিঘ্নে হজ পালন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করেছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা

ধর্মমন্ত্রী বলেন, এবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী বছর হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত ও জনবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সৌদি সরকারের প্রশংসা

সৌদি আরবের হজ ব্যবস্থাপনার প্রশংসা করে তিনি বলেন, এবার অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে হজ সম্পন্ন হয়েছে। এজন্য সৌদি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশংসার দাবিদার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ