ঋণ থাকলেও কোরবানি ওয়াজিব হতে পারে, জানুন শর্ত
ঋণ থাকলেও কোরবানি ওয়াজিব হতে পারে, শর্ত জানুন

অনেকের মনে প্রশ্ন জাগে, ঋণ থাকলে কি কোরবানি ওয়াজিব হয়? ইসলামি শরিয়তের দৃষ্টিতে, কোনো ব্যক্তির ওপর ঋণ থাকলেও তার ওপর কোরবানি ওয়াজিব হতে পারে। মূল বিষয় হলো, ঋণ পরিশোধের পর তার কাছে নিসাব পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে কি না।

কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত

শরিয়তের দৃষ্টিতে, যদি কোনো ব্যক্তির কাছে এমন পরিমাণ সম্পদ থাকে যে, চলতি বছরের পরিশোধযোগ্য ঋণ আদায় করার পরও তার কাছে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সাড়ে ৫২ ভরি রুপার মূল্যের সমপরিমাণ নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য বা অতিরিক্ত সম্পদ অবশিষ্ট থাকে, তাহলে তার ওপর কোরবানি ওয়াজিব হবে।

যদি নিসাব না থাকে

অন্যদিকে, ঋণ পরিশোধের পর যদি নিসাব পরিমাণ সম্পদ অবশিষ্ট না থাকে, তাহলে তার ওপর কোরবানি ওয়াজিব হবে না। তাই যারা বাড়ি নির্মাণ, প্লট ক্রয়, বিয়ে বা ব্যবসার প্রয়োজনে ঋণ নিয়েছেন, তারা প্রথমে চলতি বছরের কিস্তি বা পরিশোধযোগ্য অংশ হিসাব করবেন। এরপর যদি তাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ থেকে যায়, তাহলে তাদের কোরবানি আদায় করা আবশ্যক হবে। আর যদি না থাকে, তাহলে কোরবানি ওয়াজিব হবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফতোয়ার ভিত্তি

এ বিষয়ে জামিয়াতুল উলুমিল ইসলামিয়া আল্লামা ইউসুফ বানুরির ফতোয়া নম্বর ১৪৪১১২২০০০৫৩ ও দারুল উলুম দেওবন্দের ফতোয়া নম্বর ৬০৫৪৩০ থেকে তথ্য নেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ