জেনডায়ার স্পাইডার-ম্যান প্রচারণায় জন গ্যালিয়ানোর দুর্লভ গাউন
জেনডায়ার স্পাইডার-ম্যান প্রচারণায় গ্যালিয়ানোর গাউন

হলিউড তারকা জেনডায়া আবারও প্রমাণ করলেন, সিনেমার প্রচারণা তাঁর কাছে শুধু রেড কার্পেটে উপস্থিত হওয়া নয়; বরং থিমভিত্তিক ফ্যাশনের মাধ্যমে গল্প বলাও বটে। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র লন্ডন ফটোকলে জেনডায়া পরেছিলেন মার্কিন ফ্যাশন ডিজাইনার জন গ্যালিয়ানোর ১৯৯৭ সালের স্প্রিং/সামার কালেকশনের একটি দুর্লভ আর্কাইভাল গাউন।

গাউনের বিশেষত্ব ও কাস্টমাইজেশন

অবশ্য এই সিনেমার প্রচারণার জন্য গাউনটি বিশেষভাবে কাস্টমাইজ করা হয়েছে। পিঠের কাছে যে বডি জুয়েলারি দেখছেন, তা আগে অন্য রকম ছিল। জন গ্যালিয়ানো সেটিকে থিমের সঙ্গে মিলিয়ে পাল্টে দিয়েছেন। গাউনের পেছনের নকশায় সূক্ষ্ম রুপালি চেইন দিয়ে তৈরি করা হয়েছে মাকড়সার জালের (স্পাইডার ওয়েব) নকশা। জালের মাঝখানে একটি ছোট মাকড়সার অলংকার। আর চারপাশে হীরা, সোনাসহ নানা মূল্যবান ছোট ছোট ধাতুর বল দিয়ে তারা, পালক, হৃদয় ও বজ্রপাতের আকৃতির চার্ম তৈরি করেছেন। এসব শিশিরভেজা জালের মতো ঝলমলে একটি প্রভাব তৈরি করেছে।

জন গ্যালিয়ানোর পটভূমি

জন গ্যালিয়ানোকে নিয়ে কয়েকটি কথা না বললেই নয়। তাঁর বাবা ছিলেন জিব্রাল্টারের, মা ফ্রান্সের। মাত্র ৬ বছরের গ্যালিয়েনোকে নিয়ে ১৯৬৬ সালে তাঁর পরিবার লন্ডনে চলে আসেন। সেখানে কয়েক বছর থাকার পর আবার সপরিবার ফ্রান্সে চলে যান। ছোটবেলা থেকেই গ্যালিয়ানোর মা তাঁকে সুন্দর-পরিচ্ছন্ন পোশাক পরা, সেলাই ও স্প্যানিশ নান্দনিকতার সঙ্গে পরিচয় করিয়ে দেন। গালিয়ানোর ফ্যাশনে ইতিহাস ও সাহিত্যের অনুপ্রেরণা, ফ্ল্যামেনকো নাচের পোশাক, ঐতিহাসিক পোশাক ও নাটকীয় রঙের ব্যবহার দেখা যায়, যা তাঁর শৈশবে মায়ের করা বিভিন্ন নকশা থেকে উঠে এসেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্যালিয়ানোর ক্যারিয়ার ও সাফল্য

১৯৮৪ সালে যুক্তরাজ্যের সেন্ট্রাল সেন্ট মার্টিন্স থেকে ফ্যাশন ডিজাইনে স্নাতক করার সময় ফরাসি বিপ্লবের পরবর্তী সময় থেকে অনুপ্রাণিত ‘লেস ইনক্রয়াবেলস’ নামে একটি ‘গ্র্যাজুয়েশন কালেকশন’ করেন, যেটিকে প্রতিষ্ঠানিক ফ্যাশন ডিজাইনের অন্যতম সেরা সংগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। স্নাতকের পরই গ্যালিয়ানো নিজের ফ্যাশন ব্র্যান্ড প্রতিষ্ঠার কাজে নেমে পড়েন। তবে তখন সাফল্য পাননি। নব্বইয়ের দশকের শুরুতে তিনি আবারও প্যারিস চলে যান। সেখানেই তাঁর প্রতিভা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। ১৯৯৫ সালে ফরাসি ব্র্যান্ড গিভেঞ্চির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে যোগ দেন। ১৯৯৬ সালে তিনি ফ্যাশন ব্র্যান্ড ডিওরের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে যোগ দেন। সেখানে ১৫ বছর কাজ করে সেটিকে বহুগুণে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করান। তবে ২০১৪ সালে ইহুদিবিদ্বেষী মন্তব্য করার কারণে তাঁর চাকরি চলে যায়। এরপর নিজের ব্র্যান্ড প্রতিষ্ঠার কাজে নেমে পড়েন পুরোদমে। আর সে ক্ষেত্রে যে তিনি সফল, তা বলার অপেক্ষা রাখে না। সময়ের সঙ্গে গ্যালিয়ানো নিজেকে ফ্যাশন-দুনিয়ার কিংবদন্তি চরিত্র হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

জেনডায়ার মেথড ড্রেসিং

আর গ্যালিয়ানোর নকশা করা জেনডায়ার পরনের এই পোশাককে বলা হচ্ছে ‘স্পাইডার-ম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’-র প্রচারণার সেরা পোশাকগুলোর একটি। গাঢ় নীল রঙের স্লিভলেস পোশাকটিতে মেঘ, নক্ষত্র ও জ্যোতিষশাস্ত্রের নানা প্রতীক, যা পোশাকটিকে স্বপ্নিল আবহ দিয়েছে। জেনডায়ার পুরো সাজে একদিকে যেমন ছিল ভিনটেজ কত্যুরের আবেদন, অন্যদিকে স্পাইডার-ম্যানের জালের (ওয়েব) প্রতি শ্রদ্ধা। জেনডায়ার দীর্ঘদিনের স্টাইলিস্ট লো রোচের সঙ্গে আলাপ করে গ্যালিয়ানো এই নকশা করেন। আর এই পোশাকে জেনডায়া যে ভিন্টেজ লুকে হাজির হয়েছেন, তা প্রশংসা কুড়াচ্ছে সবার। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র প্রচারণায় জেনডায়া ধারাবাহিকভাবে স্পাইডার-ম্যান থিমকে কেন্দ্র করে ‘মেথড ড্রেসিং’-এর মাধ্যমে আলোচনায় আছেন।