ঈদের বিশেষ ‘ইত্যাদি’তে বিদেশি নাগরিকদের অভিনয় ও সামাজিক বার্তা
ঈদের ‘ইত্যাদি’তে বিদেশি নাগরিকদের বিশেষ পর্ব

ঈদের বিশেষ ‘ইত্যাদি’তে বিদেশি নাগরিকদের অভিনয় ও সামাজিক বার্তা

তিন দশক ধরে ‘ইত্যাদি’ অনুষ্ঠানের মাধ্যমে হানিফ সংকেত লোকজ সংস্কৃতি, গ্রামীণ খেলাধুলা ও ইতিহাস তুলে ধরার পাশাপাশি কুসংস্কার এবং সামাজিক অসংগতির বিরুদ্ধে সামাজিক বার্তা দিয়ে আসছেন। এবারের ঈদের বিশেষ ‘ইত্যাদি’তেও থাকছে বিদেশি নাগরিকদের নিয়ে একটি অনন্য পর্ব।

বিদেশিদের বাংলা ভাষায় অভিনয় ও শিক্ষামূলক বক্তব্য

এই বিশেষ পর্বে জাপান, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, স্পেন, রোমানিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত প্রায় অর্ধশতাধিক বিদেশি নাগরিক অংশ নিয়েছেন। তাঁরা বাংলা ভাষায় গ্রামের সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করেছেন। নাচ, গান ও অভিনয়ের মাধ্যমে একটি শিক্ষামূলক বক্তব্য উপস্থাপন করা হয়েছে।

নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের বিষয়বস্তু হলো আত্মস্বার্থ ও লোভে মানবিকতার অবক্ষয়। সুবিধাবাদী ও দ্বিমুখী চরিত্রকে ব্যঙ্গাত্মক উপস্থাপনায় তুলে ধরা হয়েছে। পাশাপাশি রয়েছে একটি বিষয়ভিত্তিক গান ও নৃত্য। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজীব ও তানজিনা রুমা, সংগীত পরিচালনা করেছেন মেহেদী, নৃত্য পরিচালনা করেছেন মামুন।

হানিফ সংকেতের প্রশংসা ও প্রচার সময়

বিদেশি নাগরিকদের নিয়ে কাজ করে হানিফ সংকেত বলেন, ‘ওঁরা অপেশাদার, তবে অনেক পেশাদার শিল্পীরও ওঁদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কয়েকটি শব্দের একটি বাংলা বাক্য আয়ত্তে আনতে তাঁরা যে পরিমাণ মহড়া করেন, তা অকল্পনীয়। বিশেষ করে সময়জ্ঞান, নিষ্ঠা ও আন্তরিকতা প্রশংসনীয়।’

ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে এই বিশেষ ‘ইত্যাদি’ প্রচারিত হবে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত, নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।