আষাঢ়ের বিকেলে প্রথম আলো কার্যালয়ে বর্ষার গান শোনালেন রবীন্দ্রসংগীতশিল্পী লাইসা আহমদ লিসা। শ্রোতা ছিলেন প্রথম আলোর কর্মীরা।
মিউজিক@ডেস্কে বিশেষ আয়োজন
কাজের ফাঁকে কর্মীদের বিনোদন দিতে প্রথম আলোর নিয়মিত আয়োজন মিউজিক@ডেস্ক-এ আজ অতিথি হয়ে এসেছিলেন লাইসা আহমদ লিসা। প্রথমেই কণ্ঠে তুললেন ‘বাদল–দিনের প্রথম কদম’, দর্শকের মধ্যে ছড়িয়ে পড়ল মোলায়েম সুর। গানটি পরিবেশনের আগে গানটি নিয়ে গল্পও শোনালেন লিসা। তিনি বলেন, রবীন্দ্রনাথের তখন ৭৮ বছর বয়স। শান্তিনিকেতনে বর্ষামঙ্গলের মহড়া চলছে। শৈলজানন্দ মজুমদার কবিকে গিয়ে বললেন, ছেলেমেয়েরা নতুন গান তুলতে চায়, পুরোনো গান গাইতে চাইছে না। পরদিন গানটি লিখে দেন কবি।
সাতটি গানের পরিবেশনা
এরপর ‘মন মোর মেঘের সঙ্গী’ পরিবেশন করেন লিসা। মোট সাতটি গান গেয়েছেন তিনি—পাঁচটি রবীন্দ্রনাথ, দুটি অতুলপ্রসাদ। যন্ত্রানুষঙ্গ ছাড়া ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার’ গাইতে শুরু করতেই ১৩ তলাজুড়ে ছড়িয়ে পড়ে শিল্পীর খালি গলার জাদু। রবীন্দ্রনাথের ‘চিনিলে না আমারে’ দিয়ে পরিবেশনা শেষ করেন লিসা। মাঝে গেয়েছেন অতুলপ্রসাদ সেনের ‘কে গো গাহিলে পথে’ ও ‘জল বলে চল’।
শিল্পীর অনুভূতি
পরিবেশনা শেষে সংগীতশিল্পী লিসা বলেন, ‘একটা কাজের জায়গায় এ রকম সুন্দর একটা আয়োজন করা সম্ভব, সেটা প্রথম আলোই পারল। আমার জন্য অভিনব অভিজ্ঞতা। কৃতজ্ঞতা জানাচ্ছি।’
আয়োজন নিয়ে বিশেষ প্রসঙ্গ
প্রথম আলোতে এই আয়োজন হওয়ার কথা ছিল গত ২২ ডিসেম্বর। তার আগেই ১৮ ডিসেম্বর উগ্রবাদীদের হামলার শিকার হয় প্রথম আলো ও ছায়ানট। শিল্পী বলেন, ‘আপনারা সবাই জানেন, আমরা একটি সংক্ষুব্ধ, বিক্ষুব্ধ তাণ্ডবের মধ্য দিয়ে গেছি। কিন্তু আমরা সবাই ফিরে দাঁড়িয়েছি। আজকে আবারও হতে পারল, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রথম আলোর সবাইকে কৃতজ্ঞতা জানাই।’
অনুষ্ঠান শেষে শিল্পীকে ধন্যবাদ জানান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, ছায়ানটের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।
আয়োজনটি সঞ্চালনা করেন প্রথম আলোর হেড অব কালচারাল প্রোগ্রাম কবির বকুল।
নিয়মিত আয়োজন
মাসে একবার এ আয়োজন করে আসছে প্রথম আলো। এখন পর্যন্ত এ আসরে গান শুনিয়ে গেছেন রফিকুল আলম, অদিতি মহসিন, হায়দার হোসেন, বাপ্পা মজুমদার, রাহুল আনন্দ, কৃষ্ণকলি ইসলাম, কনক আদিত্য, ফারজানা ওয়াহিদ সায়ান, নবনীতা চৌধুরী, নাফিস কামাল, আহমেদ হাসান সানি ও ঋতুরাজ বৈদ্য।



