দীর্ঘ বিরতি কাটিয়ে নতুন অ্যালবাম নিয়ে ফিরলেন আলিফ আলাউদ্দীন
বিরতি কাটিয়ে নতুন অ্যালবাম নিয়ে ফিরলেন আলিফ আলাউদ্দীন

দীর্ঘ শারীরিক জটিলতা ও বিরতি কাটিয়ে অবশেষে শ্রোতাদের মাঝে নতুন গান নিয়ে ফিরলেন জনপ্রিয় সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীন। গত ২১ এপ্রিল ২০২৬ মুক্তি পেয়েছে তার চতুর্থ একক অ্যালবাম, যার নাম রেখেছেন নিজেরই নামে— ‘আলিফ আলাউদ্দীন’। শিল্পীসত্তাকে নতুনভাবে আবিষ্কারের এই যাত্রায় অ্যালবামটি তার জন্য একটি বিশেষ মাইলফলক।

অ্যালবামের গানের তালিকা

মোট ৬টি গান দিয়ে সাজানো হয়েছে এই অ্যালবামটি। এর মধ্যে রয়েছে চারটি নতুন মৌলিক গান, যার কথা লিখেছেন আলিফ আলাউদ্দীন নিজেই। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন তার জীবনসঙ্গী ও জনপ্রিয় সংগীতশিল্পী কাজী ফয়সাল আহমেদ। দীর্ঘ সময় পর মৌলিক গানে আলিফের এই প্রত্যাবর্তন ভক্তদের মাঝে দারুণ আগ্রহ তৈরি করেছে।

বিশেষ ট্রিবিউট গান

মৌলিক গানের পাশাপাশি অ্যালবামে রয়েছে বিশেষ চমক। নিজের শেকড় ও পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুটি গান ‘ট্রিবিউট’ হিসেবে যুক্ত করেছেন তিনি। এই দুটি গানই অতীতে তার মা, প্রখ্যাত শিল্পী সালমা সুলতানার কণ্ঠে জনপ্রিয় হয়েছিল। এর মধ্যে একটি গানের কথা লিখেছেন কাওসার আহমেদ চৌধুরী এবং সুর করেছেন কিংবদন্তি আইয়ূব বাচ্চু। অন্য গানটির গীতিকার মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন আলিফের বাবা, সুরসম্রাট আলাউদ্দীন আলী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুরো অ্যালবামের সবগুলো গানের সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ। অ্যালবামটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে ‘ফেইস দ্য মিউজিক’ স্টুডিওতে।

দীর্ঘ পনেরো বছর পর অ্যালবাম মুক্তি; তার আগে কিডনি রোগে ভুগে পরিবার ও মিউজিক ইন্ডাস্ট্রির প্রিয়জনদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন তিনি। তবে সুখবর এই যে, কিডনি ট্রান্সপ্লান্ট করে এখন তিনি সেই অসুস্থতা কাটিয়ে উঠেছেন। দীর্ঘদিনের বিরতিতে কণ্ঠে শান দিয়ে নতুন এই অ্যালবামে মন দিয়েছেন তিনি। তাই এই অ্যালবামটি তার জন্য বিশেষ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অ্যালবাম মুক্তি উদযাপন

বিশেষ এই অ্যালবামের মুক্তি উদযাপনটাও হয়েছে বেশ জমজমাটভাবে। ২২ এপ্রিল রাজধানীর নটরডেমিয়ান ক্লাবে অ্যালবামটিকে শুভেচ্ছা জানাতে জড়ো হয়েছিলেন দেশের প্রখ্যাত সব সংগীতশিল্পী।

শিল্পীর অনুভূতি

আলিফ আলাউদ্দীনের ভাষ্যে, “এটা ডেফিনেটলি আমার জন্য অনেক স্পেশাল একটা অ্যালবাম। সুস্থ হওয়ার পর প্রথম গান গাইলাম। গান লেখা, সুর করা এবং গান তৈরি করার মজাটা খুব মিস করছিলাম। আমি যে আবার নতুন করে গান গাইতে পারব, তা আমার ভাবনার বাইরে ছিল। অসুস্থতার কারণে কণ্ঠটা ঠিক ছিল না। সুস্থ হওয়ার পর আবার চর্চায় ফিরলাম এবং নতুন করে কণ্ঠ তৈরি করলাম। এই অ্যালবামে আমার প্রিয় অনেক মানুষের স্বাক্ষর রয়েছে, তাই এটি আমার জন্য সবচেয়ে স্পেশাল অ্যালবাম।”

কেন নিজের নামেই অ্যালবাম? এমন প্রশ্নের উত্তরে আলিফ আলাউদ্দীন বললেন, “ওই যে বলেছি—এই অ্যালবামটা আমার জন্য খুবই তাৎপর্যপূর্ণ। ছয়টি ভিন্ন ঘরানার গান এখানে রয়েছে। সব মিলিয়ে মনে হয়েছে এই অ্যালবামটি সত্যিকার অর্থে আমাকেই প্রতিনিধিত্ব করে। তাই এর নাম ‘আলিফ আলাউদ্দীন’।”

পূর্ববর্তী অ্যালবাম ও বর্তমান প্রকাশনা

আলিফ আলাউদ্দীনের প্রকাশিত আগের অ্যালবামগুলো হলো— সেই তুমি এলে (১৯৯৮), ডাকে আমায় (২০০৬) এবং কল্পনাতে (২০১১)। নতুন অ্যালবামের গানগুলো মুক্তি পেয়েছে আলিফ আলাউদ্দীনের নিজস্ব ইউটিউব চ্যানেলে। এছাড়াও সকল স্ট্রিমিং প্ল্যাটফর্মেও গানগুলো শোনা যাচ্ছে।