কর্পোরেট ব্যক্তিত্ব ও উদ্যোক্তা রুবাবা দৌলা সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি জীবনের নানা তথ্য উপস্থাপনকালে জানান যে, তিনি ৯ বার ওমরাহ এবং একবার হজ করেছেন।
সৌদি আরবে জীবন
রুবাবা দৌলা বলেন, ‘১৯৮৫ সালে আমরা সপরিবারে সৌদি আরব যাই এবং ১৯৮৮ সালে দেশে ফেরত আসি। রিয়াদে থাকার সময় আমি সব সময় আবায়া পরতাম। সেখানে থাকাকালীন ৯ বার ওমরাহ করার সুযোগ হয়েছিল। পরে ২০১১ সালে হজ করেছি।’
রিয়াদে থাকাকালীন তিনি খেলাধুলাও করতেন। তিনি বলেন, ‘সেখানে অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী ছিল, তাদের সঙ্গে আমার প্রথম এক্সপোজার হয়। আমি সেখানে খুব স্পোর্টস করতাম। ব্যাডমিন্টন ও লং জাম্পে চ্যাম্পিয়ন হতাম।’
শিক্ষাজীবনের গল্প
দেশে ফিরে হলিক্রসে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। পরে বাবার পোস্টিং চট্টগ্রামে হওয়ায় সেখানে চলে যান এবং কমার্স কলেজে পড়েন। তিনি বলেন, ‘বাবা বুঝলেন যে আমার পড়াশোনায় মন নেই, মন শুধু খেলাধুলার দিকে।’
একদিন বাবা তাকে জিজ্ঞেস করেন, ‘বাবা, তুমি পিরামিডের কোথায় থাকতে চাও, নিচে না একদম উপরে? উপরে থাকলে মাত্র একজন থাকতে পারবে। তুমি যদি সেটা করতে চাও তবে ভিন্নভাবে নিজেকে চালাতে হবে।’ এরপর থেকে তার মাথায় জেদ চাপে যে কিছু করতে হবে।
রেজাল্ট প্রকাশের দিনের কথা স্মরণ করে রুবাবা বলেন, ‘আমি তিন মাস খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করলাম। আগে ইংরেজি মিডিয়ামে পড়েছি, তখন শিক্ষক ও মা-বাবা অনুবাদ করে দিত। পরে রেজাল্ট এলে বাবা প্রথমে নিচ থেকে দেখতে শুরু করেন, ফার্স্ট ডিভিশনে আমার নাম নেই দেখে। তারপর দেখেন যে আমি স্ট্যান্ড করেছি। পত্রিকায় আমার ছবিও ছাপা হয়।’



