রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের সূর্যকিরণ: সংস্কৃতিমন্ত্রী
রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের সূর্যকিরণ: মন্ত্রী

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের ঐতিহাসিক রবীন্দ্র কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের সূর্যকিরণ। সূর্য যেমন তার আলো দিয়ে অন্ধকার দূর করে, তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্য, সংগীত ও দর্শনের মাধ্যমে বাঙালির মন ও সংস্কৃতিকে আলোকিত করেছেন।

মানবতাবাদী ও কৃষকদরদি চিন্তাবিদ

মন্ত্রী আরও বলেন, রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি ছিলেন মানবতাবাদী ও কৃষকদরদি একজন চিন্তাবিদ। তিনি কখনোই প্রচলিত জমিদারদের মতো প্রজাদের সঙ্গে আচরণ করেননি। সাধারণ মানুষের সুখ-দুঃখ, জীবনসংগ্রাম ও সমাজ বাস্তবতার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন।

উৎসবমুখর পরিবেশ

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়ি সাজানো হয়েছে বর্ণিল আলপনা, ব্যানার ও ফেস্টুনে। উন্মুক্ত মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশ-বিদেশের দর্শনার্থী ও রবীন্দ্রভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রামীণ মেলা না থাকায় হতাশা

তবে এবার কুঠিবাড়িতে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা না বসায় স্থানীয় ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে কিছুটা হতাশা দেখা গেছে। ব্যবসায়ীরা জানান, প্রতিবছর এ মেলাকে কেন্দ্র করে তাদের ভালো আয় হতো। অন্যদিকে দর্শনার্থীরাও বলছেন, গ্রামীণ মেলা এ আয়োজনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল।

নিরাপত্তা ব্যবস্থা

জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান জানান, তিন দিনব্যাপী অনুষ্ঠান নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানের অন্যান্য অতিথি

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, অধ্যাপক ড. ওয়াকিল আহমেদ, জেলা পরিষদের প্রশাসক সোহরাব উদ্দিন ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনসহ অনেকে।