‘জন নায়গন’–এ বিজয়। এক্স থেকে রাজনীতিতে ঐতিহাসিক সাফল্যের পর এবার বড় পর্দায় ফিরতে চলেছেন তামিল তারকা বিজয়। বহুপ্রতীক্ষিত সিনেমা ‘জন নায়গন’ অবশেষে মুক্তির পথে—এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদন। সব ঠিক থাকলে আগামী ২২ জুন, অর্থাৎ বিজয়ের জন্মদিনেই বিশ্বজুড়ে মুক্তি পেতে পারে ছবিটি। অভিনেতা আগেই জানিয়েছেন, এটিই হতে যাচ্ছে তাঁর শেষ চলচ্চিত্র।
মুক্তির পথে বাধা
প্রথমে চলতি বছরের জানুয়ারিতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল। তবে সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়ে জটিলতা তৈরি হওয়ায় একাধিকবার পিছিয়ে যায় মুক্তির তারিখ। বিশেষ করে সিবিএফসি বা সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের কিছু প্রক্রিয়াগত সমস্যার কারণে নির্মাতারা নির্ধারিত সময়ে সিনেমাটি মুক্তি দিতে পারেননি বলে জানা গেছে।
তবে এখন পরিস্থিতি বদলেছে। নতুন করে মুক্তির পরিকল্পনা শুরু হয়েছে, আর সেই তালিকার শীর্ষে রয়েছে বিজয়ের জন্মদিন। নির্মাতাদের ধারণা, এই দিনটিকে ঘিরে ভক্তদের উন্মাদনা এমনিতেই তুঙ্গে থাকবে। ফলে সিনেমা মুক্তি পেলে সেটি বড় ধরনের উৎসবে পরিণত হতে পারে।
বাণিজ্যিক সম্ভাবনা
বাণিজ্য বিশ্লেষকদের মতে, ছবিটি নিয়ে পরিবেশকদের আগ্রহও অনেক বেড়েছে। যেসব অঞ্চলে এখনো পরিবেশনা স্বত্ব বিক্রি হয়নি, সেখানে অনেক প্রতিষ্ঠান বাড়তি অর্থ দিয়েও স্বত্ব নিতে আগ্রহ দেখাচ্ছে। কারণ, রাজনীতিতে বিজয়ের সাম্প্রতিক সাফল্যের পর তাঁর জনপ্রিয়তা এখন নতুন উচ্চতায় পৌঁছেছে।
‘জন নায়গণ’–এ বিজয়। এক্স থেকে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করেছেন বিজয়। তাঁর দল তামিলগা ভেত্রি কড়গম নির্বাচনে জয় পাওয়ার পর তাঁকে ঘিরে উচ্ছ্বাস আরও বেড়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, শিগগিরই মুখ্যমন্ত্রী হিসেবে শপথও নিতে পারেন তিনি। এমন এক রাজনৈতিক আবহেই বড় পর্দায় আসছে তাঁর সিনেমা, যা নিয়ে দর্শকদের আগ্রহ স্বাভাবিকভাবেই অনেক বেশি।
নির্মাতাদের প্রস্তুতি
বর্তমানে রাজনৈতিক ব্যস্ততায় সময় কাটাচ্ছেন বিজয়। তাই সিনেমার মুক্তির কৌশল চূড়ান্ত করতে নির্মাতারা তাঁর সঙ্গে সরাসরি বৈঠকের পরিকল্পনা করছেন। পাশাপাশি মুক্তির আগে ভক্তদের উদ্দেশে বিজয়ের একটি বিশেষ ভিডিও বার্তাও প্রকাশ করতে চান তাঁরা। দুই মিনিটের সেই ভিডিওতে অভিনেতা-রাজনীতিককে সিনেমা নিয়ে কথা বলতে দেখা যেতে পারে বলে জানা গেছে।
‘জন নায়গন’-এ বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, প্রকাশ রাজ, প্রিয়ামণি। ছবিটি পরিচালনা করেছেন এইচ বিনোদ। সংগীত পরিচালনায় রয়েছেন অনিরুদ্ধ রবীচন্দ্রন।
বিতর্ক ও বিলম্ব
শিল্পসংশ্লিষ্ট সূত্র বলছে, ছবির কাজ অনেক আগেই শেষ হয়েছিল। কিন্তু মুক্তির সময় নির্ধারণে নানা জটিলতা তৈরি হয়। অনেকে মনে করছেন, বিজয়ের রাজনৈতিক যাত্রার কারণেও নির্মাতারা সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন।
এরই মধ্যে নতুন বিতর্কও তৈরি হয়েছিল ছবিটিকে ঘিরে। কয়েক মাস আগে সিনেমাটির একটি এইচডি সংস্করণ অনলাইনে ফাঁস হয়ে যায়। ঘটনাটি পুরো দক্ষিণি চলচ্চিত্রশিল্পকে নাড়িয়ে দেয়। পরে পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে নয়জনকে গ্রেপ্তার করে। তদন্ত এখনো চলছে।
ভক্তদের প্রত্যাশা
তবে সব বিতর্ক ও বিলম্ব পেরিয়ে এখন নতুন আশায় বুক বাঁধছেন ভক্তরা। যদি সত্যিই ২২ জুন মুক্তি পায় ‘জন নায়গন’, তাহলে সেটি শুধু একটি সিনেমার মুক্তিই হবে না; বরং অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা বিজয়ের জীবনের নতুন অধ্যায়েরও বড় উদ্যাপন হয়ে উঠতে পারে।



