২০১৩ সালে মুক্তির পরই জিতু জোসেফের মালয়ালম থ্রিলার ‘দৃশ্যম’ ব্যাপক জনপ্রিয়তা পায়। এর সিক্যুয়েলও ব্যাপক প্রশংসিত হয় এবং হিন্দি রিমেক দুটিও ব্যবসায়িক সাফল্য পায়। এই ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রে রয়েছেন জর্জকুট্টি, একজন সাধারণ কেবল ব্যবসায়ী, যিনি পরিবারকে বাঁচাতে অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেন।
ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘দৃশ্যম ৩’
ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘দৃশ্যম ৩’ গত ২১ মে প্রেক্ষাগৃহে মুক্তির পর ২০০ কোটি রুপির বেশি আয় করেছে। এবার ঘরে বসেই দেখা যাবে জর্জকুট্টির জাদু। নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, ১৮ জুন থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হবে ছবিটির। মালয়ালমের পাশাপাশি তেলেগু, তামিল ও কন্নড় ভাষার ডাব সংস্করণও পাওয়া যাবে।
কাহিনি
‘দৃশ্যম ৩’-এর গল্প শুরু হয়েছে ‘দৃশ্যম ২’-এর কয়েক বছর পর। জর্জকুট্টি অবশেষে পরিবারের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলেছেন এবং অতীতের ঘটনাকে কেন্দ্র করে একটি সফল চলচ্চিত্রও নির্মাণ করেছেন। কিন্তু দুই সাংবাদিক সেই পুরোনো রহস্যের অনুসন্ধান শুরু করলে নতুন করে বিপদ ঘনিয়ে আসে। এর মধ্যে বড় মেয়ে অঞ্জুর বিয়ের প্রস্তাবকে ঘিরে তৈরি হয় এক ভয়ংকর ফাঁদ। পুরোনো শত্রুরা ফিরে আসে নতুন উদ্দেশ্য নিয়ে। পরিবারকে বাঁচাতে আবারও নিজের বুদ্ধি, ধৈর্য ও কৌশলের আশ্রয় নিতে হয় জর্জকুট্টিকে।
মোহনলালের প্রতিক্রিয়া
মোহনলাল বলেন, ‘জর্জকুট্টি এমন একটি চরিত্র, যাকে দর্শক বহু বছর ধরে ভালোবাসেন। “দৃশ্যম”-এর শক্তি শুধু রহস্যে নয়, পরিবার, ভালোবাসা ও টিকে থাকার মানবিক গল্পেও। বিশ্বজুড়ে দর্শকেরা এবার প্রাইম ভিডিওর মাধ্যমে ছবিটি দেখতে পারবেন, এতে আমি আনন্দিত।’
পরিচালকের দৃষ্টিভঙ্গি
জিতু জোসেফ জানিয়েছেন, তৃতীয় কিস্তিতে তিনি শুধু গল্প এগিয়ে নিতে চাননি, বরং জর্জকুট্টির মানসিক জগতের গভীরে প্রবেশ করতে চেয়েছেন। তাঁর মতে, ‘পরিবারকে রক্ষা করার জন্য নেওয়া সিদ্ধান্তগুলো জর্জকুট্টিকে শক্তিশালী করেছে, কিন্তু একই সঙ্গে ভয়, অপরাধবোধ ও অনিশ্চয়তার ভারও তাঁর ওপর চাপিয়ে দিয়েছে। এই ছবিতে সেই মানসিক মূল্যটিই তুলে ধরা হয়েছে।’
বিশ্বজোড়া সফল ফ্র্যাঞ্চাইজি
‘দৃশ্যম’ শুধু মালয়ালম সিনেমার সীমানায় আটকে থাকেনি। এটি হিন্দি, তামিল, তেলেগু, সিংহলি, মান্দারিন ও কোরিয়ান ভাষায়ও পুনর্নির্মিত হয়েছে। বিশেষ করে অজয় দেবগন অভিনীত হিন্দি সংস্করণ ব্যাপক জনপ্রিয়তা পায়।



