ভোট চলে গেলে এফডিসিতে কুকুর ঘুরে: হারুন কিসিঞ্জার
ভোট চলে গেলে এফডিসিতে কুকুর ঘুরে: হারুন কিসিঞ্জার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) উৎসবের আমেজ তৈরি হয়েছে। বছরের অন্যান্য সময়ে শিল্পীদের দেখা না গেলেও নির্বাচন এলে প্রবীণ-নবীন শিল্পীদের মিলনমেলায় পরিণত হয় এফডিসি।

নির্বাচনের আবহে এফডিসির চিত্র

এই প্রসঙ্গে কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার বলেন, ‘এফডিসিতে ভোট তো চলে এসেছে তাই অনেক মানুষ দেখছি। কিন্তু সাধারণ সময় এফডিসিতে এসে দেখি মানুষ নেই, দু-একটা কুকুর ঘুরে। সত্যি কথা বলছি।’ তিনি আরও বলেন, ‘এখন নাটক আর বিজ্ঞাপনের কাজ বেশি করি। তাই এফডিসিতে খুব একটা আসা হয় না। তবে নির্বাচন এলেই চলে আসি। কারণ এ সময় পুরোনো অনেক শিল্পীর সঙ্গে দেখা হয়, নতুনদের সঙ্গেও পরিচয় হয়। সবাইকে একসঙ্গে দেখতে খুব ভালো লাগে।’

ভোট দেওয়ার প্রতিশ্রুতি

কাকে ভোট দেবেন জানতে চাইলে হারুন কিসিঞ্জার বলেন, ‘ভোটের আগের রাতে বসে চিন্তা করবো এত ভদ্র মানুষের ভিড়ে কাকে ভোট দেওয়া যায়। দুই প্যানেলের সবাই ভালো মানুষ। তবে একটা ভোট আমি এখনই নিশ্চিত করে বলতে পারি। আমার শিষ্য চিকন আলীকে আমি অবশ্যই ভোট দেব।’ তিনি চিকন আলীকে ভোট দেওয়ার যৌক্তিক কারণ তুলে ধরে বলেন, ‘আমি কোনোদিন নির্বাচন করিনি। আগে থেকেই বলেছি, চিকন আলী নির্বাচন করছে। তাকে একটা ভোট দেব। আমি মারা গেছি এমন গুজব ছড়ানোর পর সে অনেক কান্নাকাটি করেছিল। তাই ওকে একটা ভোট তো দিতেই হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিশ্রুতি ও নির্বাচনের জৌলুস

হারুন কিসিঞ্জার আরও বলেন, ‘আগে অনেক বড় বড় তারকা নির্বাচনের সময় বলেছিলেন শিল্পীদের জায়গা দেবেন, ফ্ল্যাট দেবেন, থাকার ব্যবস্থা করবেন। কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি। আমার কথা হলো, এখন যারা নির্বাচন করছেন তারা যেন মিথ্যা কথা না বলেন। যেটা পারবেন, শুধু সেটাই প্রতিশ্রুতি দিন। শিল্পীদের সঙ্গে মিথ্যা বলার দরকার নেই। পরে কিন্তু ধরা খেতে হবে।’ এই কৌতুক অভিনেতা আরও বলেন, ‘আগের নির্বাচনগুলো অনেক বেশি উৎসবমুখর ছিল। এমন পরিবেশ হতো যে জাতীয় নির্বাচনকেও হার মানিয়ে দিতো। দেশের বাইরের মানুষও এ নির্বাচন নিয়ে জানতো। এবার সেই জৌলুস কিছুটা কমেছে। তারপরও আমরা আনন্দ করছি, সবাই একসঙ্গে হচ্ছি এটাই সবচেয়ে বড় বিষয়।’