১০ মাসের পরিশ্রমে তৈরি বিজয়-রাশমিকার রাজকীয় বিয়ের গহনা
দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানার বিয়ের গহনা নিয়ে সামাজিক মাধ্যমজুড়ে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উদয়পুরের একটি রিসোর্ট থেকে ছড়িয়ে পড়া তাদের বিয়ের ছবিগুলো নেটিজেনদের মধ্যে সাড়া ফেলেছে। বর-কনেকে ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদের পরিধান করা ঐতিহ্যবাহী গহনাগুলো।
অ্যান্টিক পালিশে ঐতিহ্যের প্রতিফলন
আধুনিক যুগে যখন বিয়ের সাজসজ্জা প্রায়ই চলতি ফ্যাশনের অনুগামী হয়ে পড়ে, সেখানে বিজয় ও রাশমিকার বিয়ের আয়োজন মনে করিয়ে দিয়েছে যে ফ্যাশনও হতে পারে ঐতিহ্যের জীবন্ত ভাষা। দুজনের গহনায় ব্যবহৃত হয়েছে অ্যান্টিক পালিশ পদ্ধতি, যেখানে হালকা কালচে ভাব রেখে গহনাগুলোকে প্রজন্মের পর প্রজন্ম ধরে পরা পুরনো গহনার মতো দেখানো হয়েছে। ঝলমলে ও চকচকে সোনার বদলে তারা বেছে নিয়েছেন মাটির গন্ধমাখা সোনার উজ্জ্বলতা, যা তাদের সাজে ঐশ্বর্যের পাশাপাশি এক গম্ভীর মর্যাদাও এনেছে।
বিজয়ের রাজসিক সাজ: সম্রাটের প্রতিচ্ছবি
বিয়ের সাজ সাধারণত কনের অলঙ্কারকেই বেশি গুরুত্ব পায়, কিন্তু বিজয় দেবেরাকোন্ডা এ ক্ষেত্রে ব্যতিক্রমী ভূমিকা রাখেন। তার গহনা তৈরি হয়েছে এক রাজসিক ভাবনা থেকে, যেন তিনি একজন সার্বভৌম সম্রাট। সাদা ধুতির সঙ্গে একটি মাত্র লাল উত্তরীয় পরিধান করলেও তার গহনাগুলো সব নজর কেড়েছে:
- বাজুবন্ধ, কোমরবন্ধ ও কানপাশায় সূক্ষ্ম জালি নকশা
- হাতের গহনায় হাতি ও ফুলের মোটিফ
- কোমরবন্ধে স্পষ্ট বাঘের নকশা, যা সাহসের প্রতীক
- খাড়ু ও মোটা হার
- কপালে বাঁধা বাসিকম ও কানে সোনার দুল
তার সব অলঙ্কার একই সঙ্গে জ্ঞান, সৌন্দর্য ও সাহসের প্রতীক হয়ে উঠেছে, যা তার ব্যক্তিত্বের দৃঢ়তাকেও ফুটিয়ে তুলেছে।
রাশমিকার দেবীরূপী সাজ: ১১টি রাজকীয় আভরণ
রাশমিকা মান্দানাকে জীবন্ত দেবীরূপে কল্পনা করেই তার গহনাগুলো ডিজাইন করা হয়েছে। তিনি বিয়েতে মোট ১১টি আইটেম রাজকীয় গহনা পরিধান করেছিলেন:
- চোকার ও ভারি স্বর্ণহার (হারম)
- সূক্ষ্ম নকশার কানের দুল
- দুল থেকে চুল পর্যন্ত কানটানা (চম্পাসরালু)
- মাথার চুলের অলঙ্কার (জাডা বিল্লা)
- হাতফুল ও কপালে বাঁধা বাসিকম
- মাথাপট্টি ও নাকের দুল
- হাতভরা বালা ও বাজুবন্ধ
- কোমরবন্ধ ও ঘুঙুর
প্রতিটি আভরণে রাভা কাজের সূক্ষ্মতা ও পুরনো দিনের গাম্ভীর্য ফুটে উঠেছে, যা তাকে এক অনন্য মর্যাদা দান করেছে।
তেলেগু ও কোডাভা রীতিতে দুবার বিয়ে
বিজয় ও রাশমিকা তেলেগু ও কোডাভা রীতি মেনে দুবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। আধুনিক সাজসজ্জার পরিবর্তে তারা কয়েক দশক আগের ‘প্রাইমাল’ রীতিকেই অগ্রাধিকার দিয়েছেন, যা তাদের বিয়ের ছবিগুলোকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। তেলেগু মতে সম্পন্ন বিয়ের ছবিগুলোই সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে।
১০ মাসের শ্রমে তৈরি কাস্টমাইজড সংগ্রহ
বিজয় ও রাশমিকার বিয়ের গহনা তৈরি করতে একটি নির্দিষ্ট গহনা সংস্থার প্রায় ১০ মাস সময় লেগেছে। পরিকল্পনা, নকশা ও কারিগরি কাজে যুগলের নিজস্ব পছন্দকে অগ্রাধিকার দিয়ে গহনা বানাতে প্রায় এক বছরের কাছাকাছি সময় ব্যয় হয়েছে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, ‘শিল্পী হিসেবে বিজয়-রাশমিকার গুণমুগ্ধ আমরা। কিন্তু বিয়ের গহনা বানানোর জন্য ঘনিষ্ঠভাবে জানতে হতো তাদের। আর সেই অভিজ্ঞতাটা ছিল অপূর্ব।’
এই গহনাগুলো একেবারে কাস্টমাইজড সংগ্রহ হওয়ায় এতে বাজারচলতি চাকচিক্যের বদলে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য, প্রাচীন ভাস্কর্য ও ঐতিহ্যের গভীর ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে। বর যেন সার্বভৌম সম্রাট আর কনে যেন জাগ্রত দেবীমূর্তি— এমন ভাবনা থেকেই যুগলকে সাজানো হয়েছে, যা সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।



