ভারতের দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আর বিজয়ের জীবনের সেই ঐতিহাসিক মুহূর্তে হাজির হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রোববার (১০ মে) সকালে চেন্নাইয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত জমকালো অনুষ্ঠানে দেখা যায় এই অভিনেত্রীকে।
অভিনেত্রীর পোশাক ও উপস্থিতি
বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃষাকে হালকা সবুজ রঙের শাড়ি ও সোনালি নকশার ব্লাউজে দেখা যায়। আর খোঁপায় জড়িয়েছেন গাজরা। স্বাভাবিক ও মার্জিত উপস্থিতিতে তিনি সবার নজর কাড়েন।
সাংবাদিকদের প্রতিক্রিয়া
অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে সাংবাদিকদের সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তৃষা বলেন, ‘ধন্যবাদ, এই মুহূর্তটির জন্য অপেক্ষায় ছিলাম।’ দীর্ঘদিন ধরেই স্যোশাল মিডিয়ায় বিজয়-তৃষাকে ঘিরে চলছে নানা গুঞ্জন। তামিল সিনেমার জনপ্রিয় এই জুটিকে একাধিক অনুষ্ঠান ও ব্যক্তিগত মুহূর্তে একসঙ্গে দেখা যাওয়ায় সম্পর্কের আলোচনা আরও জোরালো হয়।
বিশেষ করে বিজয়ের ব্যক্তিগত জীবন ও বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জনের পর বিষয়টি নিয়ে ভক্তদের আগ্রহ বেড়েছে কয়েকগুণ। তাই তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ এই দিনে তৃষার উপস্থিতি নতুন করে কৌতূহল তৈরি করেছে ভক্তদের মধ্যে।



