শক্তি কাপুরের মৃত্যুর গুজব ভুয়া, আইনি ব্যবস্থা নেবেন অভিনেতা
শক্তি কাপুরের মৃত্যুর গুজব ভুয়া, আইনি পদক্ষেপ

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়েছিল মৃত্যুর গুজব। ফলে ভক্তরা মুহূর্তেই উদ্বিগ্ন হয়ে পড়েন। শুক্রবার (৮ মে) সকাল থেকে একাধিক পোস্টে তার মৃত্যুর দাবি করা হলেও সব জল্পনার অবসান ঘটিয়ে বলিউডের বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুর নিজেই জানালেন, তিনি সুস্থ আছেন। একইসঙ্গে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেবেন বলে উল্লেখ করেন তিনি।

গুজবের সূত্রপাত

এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, আজ সকালে হঠাৎ করেই অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়। তবে কিছুক্ষণের মধ্যেই সব ধোঁয়াশা কাটিয়ে অভিনেতা সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা শেয়ার করেন।

ভিডিও বার্তায় যা বললেন

ভিডিওতে শক্তি কাপুর বলেন, ‘হ্যালো সবাই, আমার মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া। আমি সুস্থ আছি, ভালো আছি। দয়া করে এসব গুজব উপেক্ষা করুন। আমি এ বিষয়ে অভিযোগ করতে যাচ্ছি। এটা মোটেও ঠিক নয়।’ ভিডিওতে শান্ত থাকলেও এমন গুজবে যে তিনি বিরক্ত ও হতাশ, সেটিও স্পষ্ট ছিল। একইসঙ্গে অভিনেতা বলেন, এ ধরনের মিথ্যা খবর শুধু একজন শিল্পীর জন্যই নয়, আমার পরিবার ও কাছের মানুষদের জন্যও ভীষণ কষ্টদায়ক হতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনি পদক্ষেপের ঘোষণা

বিভ্রান্তিকর এই তথ্য ছড়ানোর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন ৭৩ বছর বয়সী এই অভিনেতা। জানিয়েছেন, এ ধরনের কুরুচিপূর্ণ কাজের জন্য তিনি আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন। ভিডিও বার্তায় তিনি আরও যোগ করেন, ‘আমি সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করতে যাচ্ছি, কারণ যা ঘটেছে সেটা মোটেই কাঙ্ক্ষিত নয়।’

ভক্তদের প্রতিক্রিয়া

এদিকে ভিডিও প্রকাশের পরপরই ভক্তরা স্বস্তি প্রকাশ করেন। অনেকে মন্তব্যে অভিনেতার সুস্থতা কামনা করেন এবং ভুয়া খবর ছড়ানোর প্রবণতার সমালোচনাও করেন। সম্প্রতি ‘মেরে হাসব্যান্ড কী বিবি’ সিনেমায় দেখা গেছে শক্তি কাপুরকে। সেখানে তার অভিনয় আবারও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গুজবের ইতিহাস

উল্লেখ্য, বিনোদন জগতে তারকাদের নিয়ে এমন মৃত্যুর গুজব নতুন কিছু নয়। এর আগেও কলকাতার প্রবীণ অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জি এবং পরিচালক হরনাথ চক্রবর্তীসহ অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব এ ধরনের অপপ্রচারের শিকার হয়েছেন।