বাংলাদেশের বাজারে অনার ৬০০ সিরিজের তিনটি নতুন প্রিমিয়াম স্মার্টফোন উন্মোচন করেছে অনার বাংলাদেশ। ‘অনার ৬০০ প্রো’, ‘অনার ৬০০’ ও ‘অনার ৬০০ লাইট’ মডেলের এই ফোনগুলোর পাশাপাশি স্মার্টওয়াচ ও ইয়ারবাডও উপস্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পণ্য উন্মোচন করা হয়।
অনার বাংলাদেশের পরিকল্পনা
অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, ‘প্রযুক্তির উদ্ভাবন থেকে শুরু করে গ্রাহকের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত প্রতিটি স্তরে কাজ করার জন্য আমরা আলফা ল্যাব স্থাপন করেছি। এই গবেষণাগারে ফোনের ব্যাটারি, পর্দা, রোবোটিকস ও এআই নিয়ে গবেষণা চলছে। ২০২৫ সালে সৌদি আরবে আমরা ২৫ লাখ গ্রাহকের মাইলফলক স্পর্শ করেছি এবং শ্রীলঙ্কায় আমাদের অবস্থান বর্তমানে শীর্ষে। বাংলাদেশে আইকনিক এআই ইমেজিং প্রযুক্তির অনার ৬০০ সিরিজ এবং বিভিন্ন এআইওটি পণ্য আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’
অনার বাংলাদেশের বিজনেস বিভাগের প্রধান আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে অনার একটি আস্থার নাম হয়ে উঠেছে। এই ধারাবাহিকতা বজায় রাখতেই আমরা নতুন এই সিরিজটি নিয়ে এসেছি।’
এআই প্রযুক্তির নতুন দিগন্ত
অনুষ্ঠানে জানানো হয়, অনার ৬০০ সিরিজের ফোনগুলোর প্রধান আকর্ষণ হচ্ছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। অনারের নিজস্ব ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’ টুলও রয়েছে ফোনগুলোতে। টুলটির মাধ্যমে সাধারণ স্থির ছবি থেকে মুহূর্তেই উচ্চমানের ভিডিও তৈরি করা সম্ভব। এ ছাড়া একাধিক ছবি ব্যবহার করে চলচ্চিত্র নির্মাণের মতো চমৎকার সব উদ্ভাবনী ফিচার যুক্ত করা হয়েছে ফোনগুলোয়।
প্রিমিয়াম অভিজ্ঞতা
সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন অনার ৬০০ প্রো-তে ব্যবহার করা হয়েছে ম্যাট ধাতব কাঠামো। স্থায়িত্বের জন্য এতে রয়েছে আইপি৬৮, আইপি৬৯ এবং আইপি৬৯কে রেটিং, যা ফোনটিকে পানি ও ধূলিকণা থেকে সর্বোচ্চ সুরক্ষা প্রদান করবে। উন্নত রেজোল্যুশনের ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের আলট্রানাইট ক্যামেরা এবং টেলিফটো স্থিতিশীলতার সুবিধা। ফোনটিতে রয়েছে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। কমলা, কালো ও সোনালি রঙে বাজারে আসা ফোনটির দাম ধরা হয়েছে ৯৯ হাজার ৯৯৯ টাকা।
সিরিজের অন্য দুটি মডেল অনার ৬০০ এবং অনার ৬০০ লাইটেও আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফোন দুটির দাম যথাক্রমে ৬৯ হাজার ৯৯৯ ও ৪৪ হাজার ৯৯৯ টাকা।



