গায়ের রঙের কারণে বাদ দিব্যেন্দু, বলিউডে বর্ণবিদ্বেষ নিয়ে ক্ষোভ
গায়ের রঙের কারণে বাদ দিব্যেন্দু, বলিউডে বর্ণবিদ্বেষ নিয়ে ক্ষোভ

অভিনয়ের জোরে বিনোদন দুনিয়ায় নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। সম্প্রতি বলিউডে বর্ণবিদ্বেষের প্রভাব নিয়ে মুখ খুলেছেন তিনি। তাঁর মতে, এটি ইন্ডাস্ট্রির গভীরে গেঁথে থাকা একটি সমস্যা, যার প্রভাব আজও কাস্টিংয়ে দেখা যায়। তিনি জানান, নিজের গায়ের রঙের কারণেই তাঁকে একাধিক প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, রঙের ভিত্তিতে বৈষম্য আজও বিনোদনজগতে বিদ্যমান।

বিজ্ঞাপন থেকে বাদ দেওয়ার ঘটনা

বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে দিব্যেন্দু বলেছেন, ‘কয়েক দিন আগে আমাকে একটি বিজ্ঞাপনের জন্য নির্বাচিত করা হয়েছিল। চার-পাঁচ দিন ধরে কথাবার্তাও চলছিল। শুটিংয়ের আর মাত্র তিন দিন বাকি ছিল। তখন আমি জানতে চাইলাম, শুটিং হবে কি না। ওরা আমাকে বলল, “না দাদা, আপনাকে রিপ্লেস করা হয়েছে। কারণ, আপনি কালো আর কালো অভিনেতা চাই না।” ঠিক এই ভাষাতেই আমাকে বলা হয়েছিল।’

গভীর সামাজিক সমস্যা

অভিনেতার কথায়, ‘ব্যক্তিগতভাবে এই মন্তব্য আমাকে আঘাত করেনি। কারণ, নিজের পরিচয় নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এটা একটা গভীর সামাজিক সমস্যা। এর শিকড় অনেক গভীরে।’ দিব্যেন্দু আরও বলেন, ‘বিষয়টা শুধু ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ নয়। ছোটবেলা থেকে মানুষকে কীভাবে শেখানো হচ্ছে, তার সঙ্গেও বিষয়টি জড়িয়ে। এটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু সহজে বদলানোও যায় না।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষাব্যবস্থার ভূমিকা

দিব্যেন্দু ভট্টাচার্য জাপান এবং কোরিয়ার উদাহরণ টেনে বলেন, ‘ওই দেশগুলোতে শিশুদের ছোটবেলা থেকেই শিক্ষাব্যবস্থার মাধ্যমে শৃঙ্খলা ও সহমর্মিতা শেখানো হয়। কিন্তু ভারতে এই মূল্যবোধ অনেকটাই পারিবারিক শিক্ষার ওপর নির্ভর করে। পরিবারে যদি সেই শিক্ষা দেওয়া হয়, তবেই শিশুর মধ্যে সংস্কার গড়ে ওঠে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সম্প্রতি কাজ

সম্প্রতি সনি লিভ-এ ‘অদেখা সিজন ৪’-এ দেখা গেছে দিব্যেন্দুকে। আশীষ আর শুক্লা পরিচালিত এই সিরিজে আরও অভিনয় করেছেন হর্ষ ছায়া, সূর্য শর্মা, অঙ্কুর রাঠি ও গৌতম রোডে।