একসময় মানবেতর জীবন কাটাতেন ‘দ্য রক’, এখন ৮০০ মিলিয়ন ডলারের মালিক
একসময় মানবেতর জীবন কাটাতেন ‘দ্য রক’, এখন ৮০০ মিলিয়ন ডলারের মালিক

বিশ্বব্যাপী ‘দ্য রক’ নামে পরিচিত ডোয়াইন জনসন। তিনি একজন সফল মার্কিন-কানাডীয় অভিনেতা, প্রযোজক এবং অবসরপ্রাপ্ত পেশাদার রেসলার। পেশাদার রেসলার পরিবারে তার জন্ম। প্রাথমিক জীবনে তিনি ডাব্লিউডাব্লিউই-তে রেসলার হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। শনিবার (২ মে) ছিল তার জন্মদিন। ১৯৭২ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।

শৈশবের সংগ্রাম

কিংবদন্তি রেসলার ও হলিউড অভিনেতা ডোয়াইন জনসনের পরিবারে রেসলিংয়ের ঐতিহ্য থাকলেও তার শৈশব ছিল আর্থিক অনিশ্চয়তায় ভরা। একসময় তাদের পরিবারকে বাসা থেকে উচ্ছেদ হতে হয়েছিল। থাকার জায়গা ছিল না। শৈশব থেকেই তিনি আয়ের দিকে ঝুঁকে ছিলেন। প্রথম জীবনে তিনি আমেরিকান ফুটবলে ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন; কিন্তু চোট ও সুযোগের অভাবে সেই স্বপ্ন ভেঙে যায়। এরপরই তিনি পা রাখেন রেসলিং দুনিয়ায়।

রেসলিং থেকে হলিউড

রেসলিং থেকে হলিউডের শীর্ষে ওঠার যাত্রা অনুপ্রেরণাদায়ক। ক্যারিয়ারের শুরুতে হলিউডে তাকে অনেকেই শুধু রেসলার হিসেবে দেখতেন। হঠাৎ রেসলিংকে বিদায় জানিয়ে তিনি নাম লেখান সিনেমায়। সিরিয়াস অভিনেতা হিসেবে গ্রহণযোগ্যতা পেতে সময় লেগেছে। তবে ধারাবাহিক পরিশ্রম, নিজেকে বদলানোর মানসিকতা এবং দৃঢ় আত্মবিশ্বাস তাকে সেই সীমাবদ্ধতা ভেঙে দিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

‘দ্য রক’খ্যাত এই অভিনেতা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। তার ক্যারিশমাটিক উপস্থিতি এবং মাইক্রোফোন দক্ষতা তাকে ভক্তদের প্রিয় করে তোলে। পরবর্তী সময়ে জনপ্রিয়তাই তাকে হলিউডে স্থায়ী আসন এনে দেয়। শুরুটা ‘দ্য স্করপিয়ন কিং’ দিয়ে হলেও তিনি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’, ‘জুমানজি’, ‘ব্ল্যাক অ্যাডাম’-সহ অনেক সিনেমায় দারুণ অভিনয় করেন। একসময় বক্স অফিসেও দাপট দেখিয়েছেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাফল্যের দর্শন

ডোয়াইন জনসন প্রমাণ করেছেন, পরিশ্রম আর ধৈর্য থাকলে পরিচয়ের গণ্ডি ভেঙে নতুন জায়গায় প্রতিষ্ঠা পাওয়া সম্ভব। তিনি বারবার বলেন, সফলতা সবসময় মহান হওয়ার বিষয় নয়, বরং ধারাবাহিকতার ফল। বিনয়ী থাকো, শেখার ক্ষুধা রাখো এবং সবসময় সবচেয়ে পরিশ্রমী হও। এই সাফল্যের পেছনে রয়েছে তার গভীর ব্যক্তিগত লড়াইও। ক্যারিয়ারের শুরুর ব্যর্থতা, অর্থকষ্ট—এমনকি মানসিক চাপের কথাও তিনি খোলামেলা স্বীকার করেছেন।

জীবনের কঠিন সময়ই তাকে আরও শক্ত করেছে এবং নিজেকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করেছে। ডোয়াইন জনসন শুধু একজন তারকা নন, তিনি একটি প্রতীক। সংগ্রাম থেকে উঠে এসে বিশ্বজয়ের গল্প, কঠোর পরিশ্রমের উদাহরণ এবং আত্মবিশ্বাসের এক জীবন্ত প্রতিচ্ছবি। তার এই যাত্রা আবারও মনে করিয়ে দেয়—স্বপ্ন যত বড়ই হোক, লড়াই চালিয়ে গেলে একদিন তা বাস্তব হয়।

সম্পদ ও উদ্যোক্তা জীবন

‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন শুধু অভিনেতা নন, একজন সফল উদ্যোক্তাও। বিভিন্ন সময়ে তিনি বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে একজন ছিলেন। বিভিন্ন প্রতিবেদনে তার বার্ষিক আয় ৮০-১০০ মিলিয়ন ডলারের কাছাকাছি বলে উল্লেখ করা হয়। সিনেমার পাশাপাশি তিনি নিজের প্রোডাকশন কোম্পানি নিয়েও ব্যস্ত থাকেন। বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেও বিপুল আয় করেন। সব মিলিয়ে তার মোট সম্পদ ৮০০ মিলিয়ন ডলার।