কারিনার মৃত্যুর গুজব নিয়ে যা বললেন কায়সার হামিদ
কারিনার মৃত্যুর গুজব নিয়ে যা বললেন কায়সার হামিদ

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভারতের চেন্নাইয়ের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ মে) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে চেন্নাই নেওয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন মা ও দুই ভাই।

মৃত্যুর গুজবে ক্ষোভ

এরই মধ্যে কারিনাকে নিয়ে সামাজিক মাধ্যমে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (১৪ মে) রাত থেকে ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত আইডি থেকে তার নামে ভুয়া মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। কিছু ফটোকার্ডও দ্রুত ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার।

তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ, শুক্রবার (১৫ মে) সকালে গণমাধ্যমকে বলেন, ‘এমন গুজব পরিবারের জন্য মানসিকভাবে আরও কষ্টের হয়ে উঠছে। আমরা যে কোনো সময় মরে যেতে পারি— দুই মিনিটের গ্যারান্টি নেই। তারপরও মৃত্যুর মতো এমন একটি বিষয় নিয়ে এ ধরনের ব্যবসা উচিত নয়। আমাদের পরিবার এমনিতেই ওর স্বাস্থ্য নিয়ে অনেক উদ্বিগ্ন। এ মুহূর্তে সবার মানসিক সাপোর্ট প্রয়োজন। দয়া করে এমন কাজ করবেন না।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শারীরিক অবস্থার উন্নতি

বর্তমানে কারিনার শারীরিক অবস্থার প্রসঙ্গে কায়সার হামিদ বলেন, ‘বর্তমানে তার ফুসফুসের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে লিভারের চিকিৎসা এখনো চলমান। ফুসফুসে কিছুটা ইনফেকশন আছে। এটা ধীরে ধীরে রিকভারি করছে। এরপর লিভারের চিকিৎসা হবে।’

তিনি আরও জানান, ‘এর মাঝে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রক্রিয়া শুরু হয়েছে। গতকালও আমার দুই ছেলের কিছু টেস্ট হয়েছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লিভার ফেইলিউরের পরিস্থিতি

জানা গেছে, শুরুতে কয়েক দিন ধরে কারিনার শারীরিক অবস্থা খুব খারাপ যাচ্ছিল। প্রথমে জ্বরে আক্রান্ত হওয়ার পর তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। শুরুতে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। এরপর একসঙ্গে হেপাটাইটিস এ ও ই–এর জটিলতা দেখা দিলে লিভার ফেইলিউরের পরিস্থিতি তৈরি হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরে লাইফসাপোর্টে নেওয়া হয়।