ছোট পর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবার তাঁর জন্মদিন ভিন্নভাবে উদ্যাপন করেছেন। আজ তাঁর ৩০তম জন্মদিন উপলক্ষে তিনি সুন্দরবনে ৩০০টি ম্যানগ্রোভ গাছ রোপণের উদ্যোগ নিয়েছেন। পরিবেশ সংরক্ষণ এবং টেকসই জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বুকে এই ব্যতিক্রমী উদ্যোগটি গ্রহণ করেন তিনি।
সুন্দরী ইকো রিসোর্টের সহযোগিতায় উদ্যোগ
সুন্দরী ইকো রিসোর্টের সহযোগিতায় এই পরিবেশবান্ধব উদ্যোগটি সম্পন্ন হয়। চমক নিজের ফেসবুক পেজে এই তথ্য শেয়ার করে জানান, তিনি তাঁর ৩০তম জন্মদিনে ৩০০টি গাছ লাগানোর মাধ্যমে প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।
চমকের বক্তব্য
নিজের এই উদ্যোগ নিয়ে চমক বলেন, ‘আমরা সবাই প্রকৃতির অংশ। পরিবেশের যত কাছাকাছি থাকা যায়, জীবন তত সুন্দর হয়। একটা সময় পর শহরের ইট-পাথর আর ভালো লাগে না। মানুষ যত শহর ছেড়ে প্রকৃতির দিকে ফিরবে, জীবন তত অর্থবহ হবে।’
সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে চমক আরও বলেন, ‘সুন্দরবন আমাদের এক বিশাল সম্পদ, যা বুক পেতে আমাদের সব প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। কিন্তু নানা কারণে আমাদের এই বনের আয়তন ছোট হয়ে আসছে, বন্য প্রাণীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমার এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আমি সবাইকে পরিবেশ ও সুন্দরবন রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আমাকে যাঁরা ভালোবাসেন বা ফলো করেন, তাঁদের কাছে এই বার্তা পৌঁছানো আমার একটি লক্ষ্য ছিল।’



