সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় রুবেল মোল্লা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কানে হেডফোন দিয়ে তিনি রেললাইনে হাঁটার সময় আর্জেন্টিনা-সুইজারল্যান্ডের মধ্যকার ফুটবল ম্যাচ দেখছিলেন বলে জানিয়েছেন স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা। এতে ট্রেন আসার শব্দ টের পাননি তিনি।
দুর্ঘটনার বিবরণ
রোববার (১২ জুলাই) সকালে উপজেলার লাহিড়ী মোহনপুর রেলগেটের বর্ধনগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মোল্লা উপজেলার বর্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে। স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, সকালে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ফুটবল ম্যাচ দেখছিলেন রুবেল।
ট্রেনের ধাক্কা
এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনটি বর্ধনগাছা এলাকা অতিক্রম করছিল। কানে হেডফোন এবং খেলায় মগ্ন থাকায় সে ট্রেন আসার শব্দ শুনতে পাইনি। এতে ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্বজনদের বক্তব্য
মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নিহতের দাদা সানেয়ার হোসেন বলেন, 'সকালে বাড়ি থেকে বের হয়ে রেললাইন দিয়ে হাঁটার সময় রুবেল হেডফোন কানে দিয়ে মোবাইলে আর্জেন্টিনার খেলা দেখছিল। অসাবধানতার কারণে চোখের পলকে ট্রেনটি এসে তাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।'
পুলিশের বক্তব্য
সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানার ওসি খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে এবং পরিবারের কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



