সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ও জনপ্রিয় চিকিৎসক দম্পতি ডা. সুষমা রেজা ও ডা. সায়েদুল আশরাফ কুশল তাদের প্রায় দুই দশকের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। শনিবার (২৭ জুন) পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সুষমা রেজা।
পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদ
পোস্টে সুষমা রেজা লেখেন, ‘অনেক ভেবেচিন্তে, দীর্ঘ আত্মসমালোচনার পর আমরা দুজন পারস্পরিক সম্মতির ভিত্তিতে আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। আজ আনুষ্ঠানিকভাবে সেই সিদ্ধান্তের কথাই আপনাদের জানাচ্ছি।’ তিনি আরও লেখেন, ‘খুব অল্প বয়সে আমাদের একসঙ্গে পথচলা শুরু হয়েছিল। দেখতে দেখতে প্রায় দুই দশক কেটে গেছে। এই দীর্ঘ সময়ে আমরা একটি পরিবার গড়েছি, আমাদের সন্তানদের বড় হতে দেখেছি আর জীবনের অসংখ্য সুখ-দুঃখ, অর্জন, সংগ্রাম ও স্মৃতি একসঙ্গে বয়ে নিয়ে চলেছি।’
সম্পর্কের পরিবর্তন ও বোঝাপড়া
তিনি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমরা দুজনই উপলব্ধি করেছি, আমাদের সম্পর্ক সেই জায়গাটিতে নেই যেখান থেকে আমরা শুরু করেছিলাম। সময়ের সাথে সাথে আমরা বদলেছি, সম্পর্কটাও বদলেছে। একটা সময় পরিবর্তনগুলো দেখে আমরা বুঝতে পেরেছি, জীবনের এই পর্যায়ে শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যাওয়াই আমাদের দুজনের জন্য সবচেয়ে সম্মানজনক সিদ্ধান্ত।’ সুষমা রেজা উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখানো মুহূর্তগুলো নিখুঁত সম্পর্কের ছবি ছিল না, বরং জীবনের সত্যিকারের কিছু মুহূর্ত ছিল।
পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা
পোস্টে তিনি লেখেন, ‘এই দীর্ঘ পথচলায় আমাদের পরিবার, বন্ধু, সহকর্মী এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী যেভাবে আমাদের পাশে থেকেছেন, সাহস দিয়েছেন, ভালোবেসেছেন এবং আমাদের জন্য দোয়া করেছেন - সেজন্য আমরা হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ।’ তিনি সবার কাছে অনুরোধ জানান, এই ব্যক্তিগত ঘটনাকে অনুমান, গুজব বা বিচার-বিশ্লেষণের বিষয় না করতে।
গোপনীয়তা ও সংবেদনশীলতার অনুরোধ
সুষমা রেজা আরও লেখেন, ‘আমাদের চোখে যা স্রেফ একটা ভাইরাল খবর, তার আড়ালে কিন্তু থাকে কতগুলো নানা বয়সের রক্ত মাংসের মানুষ।’ তিনি বিশেষ করে পরিবারের ঘনিষ্ঠ মানুষদের অনুরোধ করেন, সন্তান, বাবা-মা বা ভাইবোনদের সামনে বিষয়টি নিয়ে আলোচনা না করতে। তিনি বলেন, ‘এই পরিবর্তন তাদের প্রত্যেককে কত গভীরভাবে স্পর্শ করেছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন।’
শেষ বার্তা: পরিবারকে সময় দিন
প্রায় ২০ বছরের এই অধ্যায়ের সমাপ্তি টেনে তিনি লেখেন, ‘বিদায়ের আগে, আমাদের নিজেদের জীবন থেকেই শেখা একটি ছোট্ট কথা রেখে যেতে চাই- নিজের পরিবারকে সময় দিন। প্রিয় মানুষগুলোর হাত শক্ত করে ধরে রাখুন। জীবন খুবই ভঙ্গুর।’ তিনি সবাইকে সচেতনভাবে, কৃতজ্ঞতায় এবং আন্তরিকতায় প্রতিটি মুহূর্ত বাঁচার আহ্বান জানান।



