ভারতের উত্তর প্রদেশের উচ্চশিক্ষা ও বিজ্ঞান প্রযুক্তিমন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায় ইংরেজি ছড়া ‘জনি জনি ইয়েস পাপা’ এবং ‘রেন রেন গো অ্যাওয়ে’ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, এই ছড়াগুলো শিশুদের অসততা শেখায় এবং ভারতীয় মূল্যবোধ ও সংস্কৃতির পরিপন্থি।
ছড়ার বার্তা নিয়ে আপত্তি
শনিবার (৯ মে) লক্ষ্ণৌতে একটি বেসরকারি স্কুলে শিক্ষার্থী ও শিক্ষকদের সামনে বক্তব্যে মন্ত্রী বলেন, ‘জনি জনি ইয়েস পাপা’ ছড়ার লাইনগুলো শিশুদের মিথ্যা বলতে উৎসাহিত করে। তিনি ছড়াটির কয়েকটি পংক্তি উদ্ধৃত করে বলেন, “জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা, টেলিং লাইজ নো পাপা, ওপেন ইয়োর মাউথ, হা হা হা — এই লাইনগুলো শিশুদের শেখায় কীভাবে অসত্য বলতে হয়।”
একইভাবে ‘রেন রেন গো অ্যাওয়ে’ ছড়াটি সম্পর্কে তিনি বলেন, এটি শিশুদের ‘স্বান্ত:সুখায়’ বা নিজের ব্যক্তিগত সুখের পিছনে ছোটাতে শেখায়, যা ভারতীয় সংস্কৃতি ‘সর্বজন হিতায়, সর্বজন সুখায়’ (সবার কল্যাণ ও সুখ) এর বিপরীত।
শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট
চলতি সপ্তাহের শুরুতে আগ্রার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রথমবার এই ছড়াগুলোর সমালোচনা করেন যোগেন্দ্র উপাধ্যায়। তিনি বলেন, “কোমলমতি শিশুদের আমরা এসব ছড়ার মাধ্যমে কী শেখাচ্ছি? ভাষার ওপর আমার কোনো আপত্তি নেই, তবে আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা অজান্তেও ভুল সংস্কৃতি গড়ে না তুলি।”
মন্ত্রী আরও জানান, তিনি জেনেশুনেই সব জায়গায় এই বিষয়ে কথা বলবেন এবং সমালোচনায় পরোয়া করেন না।
রাজনৈতিক প্রতিক্রিয়া
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সমালোচনার জবাবে যোগেন্দ্র বলেন, “অখিলেশ যাদব সেই পর্যায় পর্যন্ত চিন্তা করতে পারেন না।” তিনি সরকারের কাছে বিষয়টি উত্থাপন না করার কারণ হিসেবে বলেন, তিনি নিজেই সচেতনভাবে এ নিয়ে আলোচনা চালিয়ে যাবেন।
উল্লেখ্য, যোগেন্দ্র উপাধ্যায় ২০১২, ২০১৭ এবং ২০২২ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছেন এবং বর্তমানে আগ্রা দক্ষিণ আসনের বিধায়ক।



