ভারতীয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের শরীরে পিত্তথলিতে ১১ সেন্টিমিটারের একটি পাথর রয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে এই পাথর ধরা পড়লেও তিনি দীর্ঘ ১১ বছর ধরে অস্ত্রোপচার এড়িয়ে চলেছেন।
পিত্তথলির পাথর ও স্বাস্থ্যঝুঁকি
পিত্তথলিতে পাথর সাধারণত ব্যথা ও সংক্রমণের কারণ হতে পারে। চিকিৎসকের মতে, দীর্ঘ সময় পাথর শরীরে থাকলে ইনফেকশনসহ নানা জটিলতা দেখা দিতে পারে। তাই চিকিৎসক ও কাছের মানুষরা তাকে অস্ত্রোপচারের পরামর্শ দেন। কিন্তু দিলজিৎ দোসাঞ্চ রাজি হননি।
দিলজিতের বক্তব্য
গায়ক বলেন, 'আমাকে সকলেই বলেছিলেন অস্ত্রোপচার করিয়ে নিতে। কিন্তু পিত্তথলিতে পাথরের জন্য আমার কোনো সমস্যা হচ্ছে না। তাই শুধু শুধু কেন অস্ত্রোপচার করাবো? আমার বিশ্বাস, ওই জিনিসটা চলে গিয়েছে।' তিনি আরও বলেন, 'নিজের সুবিধার্থে ওষুধটা সঙ্গে নিয়ে ঘুরি, যদিও ব্যবহার করতে হয় না। আমি আমার পরিবারকে বলিনি, বন্ধুদের বলিনি, কাউকেই বলিনি—এটা গোপনই ছিল যা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম।'
জীবনের দর্শন ও অর্থের প্রতি দৃষ্টিভঙ্গি
সুস্থতার পাশাপাশি জীবনের গভীর দর্শন নিয়েও কথা বলেন দিলজিৎ। তিনি জানান, তার শৈশব কেটেছে চরম অভাব ও দারিদ্র্যের মধ্যে। সেই কারণেই এক সময় শুধু টাকার পেছনে অন্ধের মতো ছুটেছিলেন। কিন্তু আজ সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে তার উপলব্ধি সম্পূর্ণ আলাদা।
অর্থ সম্পর্কে নিজের নতুন চিন্তাধারা শেয়ার করে দিলজিৎ বলেন, 'দিনশেষে এই টাকা তো এখানেই পড়ে থাকবে। কেউ তো আর মৃত্যুর পর সঙ্গে করে টাকা নিয়ে যেতে পারবে না। আমি জানি, এখন অনেকে বলবেন যে পকেটে টাকা থাকলে এই ধরনের কথা বলা সহজ, আমি সেটা বুঝি। কিন্তু এটাও তো সত্যি যে, পৃথিবীর অধিকাংশ অশান্তি আর ক্ষমতার লড়াইয়ের মূলে রয়েছে এই অর্থ।'



