ভালোবাসা দিবসে ঢালিউড তারকাদের রঙিন মুহূর্ত
গতকাল বসন্তের রং আর ভালোবাসা দিবসের আবহে সামাজিক যোগাযোগমাধ্যম রঙিন হয়ে উঠেছিল তারকাদের ছবি ও শুভেচ্ছায়। অভিনয়শিল্পী, সংগীতশিল্পী ও শোবিজ তারকারা বিশেষ এই দিনে নানা সাজে ছবি প্রকাশ করে ভক্তদের মুগ্ধ করেছেন।
আদনান-মেহজাবীনের মধুর বার্তা
গত বছর ভালোবাসা দিবসে বিয়ে করেন আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত এই দম্পতি ভালোবাসা দিবসে পিছিয়ে থাকেননি। মেহজাবীন লিখেছেন, ‘আমরা একসঙ্গে বড় হয়েছি। একসঙ্গে পৃথিবীর সঙ্গে লড়েছি। ১৪ বছর পর, বিয়ের ১ বছর; তবু প্রতিটি জন্মে তোমাকেই বেছে নেব, আদনান।’ প্রিয় মানুষের সেই পোস্ট ভাগাভাগি করে আদনান লিখেছেন, ‘তুমি আমার শক্তি, আমার চিরসঙ্গী। তোমাকে শুভ বিবাহবার্ষিকী। তোমার সঙ্গে সময়টা যেন সুন্দর এক স্বপ্নের মতো কেটে যাচ্ছে।’
অপু বিশ্বাস ও শাকিব খানের পরিবার
ভালোবাসার দিনে শাকিব খান ও সন্তান আব্রাম খানের সঙ্গে ছবি পোস্ট করেছেন অপু বিশ্বাস। তিনি লিখেছেন, ‘তুমি আমার ভ্যালেন্টাইন—ভালোবাসার জন্য যার কোনো বিশেষ দিনের প্রয়োজন নেই। তোমাকে চিরকাল ভালোবাসি।’ তবে আগের শাকিব খানের সঙ্গে ছবি পোস্ট করার প্রতিযোগিতায় নেই শবনম বুবলী। তিনি একাই ছবি পোস্ট করে লিখেছেন, ‘বসন্তের ভালোবাসার শুভেচ্ছা সবাইকে।’ ভক্তরা মন্তব্য করেছেন, ‘বসন্তের রং যেন ফুটে উঠেছে বুবলী আপুর গায়ে। অসাধারণ লাগছে।’
সিয়াম আহমেদের প্রেমের স্মৃতি
এদিকে সিয়াম আহমেদ ফিরলেন প্রেমের দিনগুলোতে। প্রায় ১৪ বছর আগে তাঁর স্ত্রীর সঙ্গে পরিচয়, তারপর বিয়ে। সিয়াম লিখেছেন, ‘তুমি আমার চিরদিনের ভ্যালেন্টাইন। ১৪ বছর পার, ভালোবাসা এখনো চলছে।’ অভিনেতা তৌসিফ মাহবুব স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে ভিন্ন কথা জানান দিলেন, লিখেছেন, ‘আমার কাছে প্রতিদিনই ভালোবাসা।’
বিদ্যা সিনহা মিম ও অন্যান্য তারকারা
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম স্বামী সনি পোদ্দারের সঙ্গে একাধিক রোমান্টিক ছবি পোস্ট করে লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’ নজরুলগীতির লাইন দিয়ে নীল শাড়িতে ছবি পোস্ট করেছেন নায়িকা মন্দিরা চক্রবর্তী। বাসন্তী রঙের শাড়িতে নজর কেড়েছেন অভিনেত্রী শারমীন জোহা শশী, তিনি লিখেছেন, ‘জীবনের প্রতিটি ধাপেরই নিজস্ব এক সৌন্দর্য আছে।’ কদিন আগেই নেদারল্যান্ডসের রটারড্যাম চলচ্চিত্র উৎসব থেকে ফিরেছেন জাকিয়া বারী মম, তিনি ছবি পোস্ট করে লিখেছেন, ‘কত বসন্ত পেরিয়ে।’
ব্যাচেলর তারকাদের উচ্ছ্বাস
ভালোবাসার দিনটিতে পিছিয়ে ছিলেন না ব্যাচেলর তারকারা। সাফা কবির মায়ের শাড়ি পরে ছবি পোস্ট করে লিখেছেন, ‘এবার বসন্তে আমি আম্মুর শাড়ি পরেছি।’ কেয়া পায়েল ফুলের তোড়া ও পুতুল নিয়ে ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাঁচতে হলে ভালোবাসতে হবে।’ তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান হলুদ পোশাকে ছবি পোস্ট করে ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘সবাইকে বসন্তের শুভেচ্ছা।’ অভিনেতা খায়রুল বাসার রোমান্টিক ছবি পোস্ট করেছেন, সঙ্গে তানজিম সাইয়ারা তটিনী, তিনি লিখেছেন, ‘ভুল করেও ভালোবাসা হয়।’
নানাভাবে উদযাপন
দেশে পরিবর্তনের ছোঁয়ায় তারকাদের প্রত্যাশা, নতুন করে সবকিছু শুরু হোক। মাসুমা রহমান নাবিলা লিখেছেন, ‘বাসন্তী আবেগে নতুন শুরুটা হোক শুভ।’ সারা দিন স্বতঃস্ফূর্তভাবে তারকাদের নানা আয়োজনে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অভিনেত্রী মুমতাহিনা টয়া গানের সঙ্গে নাচতে দেখা গেছে, তিনি লিখেছেন, ‘শীতের শেষ রোদেলা দুপুর আর বসন্তের অপেক্ষা।’
