ক্যারিয়ার-সেরা অভিনয় করে প্রশংসায় ভাসছেন নাজিফা তুষি
ক্যারিয়ার-সেরা অভিনয় করে প্রশংসায় ভাসছেন নাজিফা তুষি

নাজিফা তুষি অভিনীত ‘রইদ’ সিনেমায় সাদুর বউ চরিত্রটি দর্শক ও সমালোচকদের নজর কেড়েছে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এই সিনেমায় ক্যারিয়ার-সেরা অভিনয় করেছেন তুষি। তাঁর অভিনয় নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই মনে করছেন, এক দশকের ক্যারিয়ারে কাঠখড় পুড়িয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি।

সমালোচকদের প্রশংসা

চলচ্চিত্র সমালোচক সৈয়দ নাজমুস সাকিব ফেসবুকে লিখেছেন, ‘নাজিফা তুষি রইদ–এ যা করেছেন, আমার মনে হয় না এই মুহূর্তে বাংলাদেশ আর কলকাতা মিলে এই পর্যায়ের পারফরম্যান্স লিড রোলে আর কোনো অভিনেত্রী করতে পারবেন। এই পারফরম্যান্সকে ছাড়িয়ে যাওয়া খোদ নাজিফার পক্ষেই আর সম্ভব হবে কি না, আমার সন্দেহ আছে।’ দর্শক তাসলিমা বাবলী মন্তব্য করেছেন, ‘রইদের সাদুর বউ যেন তুষি নয়, সাদুর বউই। গ্রামের খুব সাধারণ একজন নারী, সেই পাগলিই। সেখানে নাজিফা তুষির কোনো ছোঁয়া নেই, ওই একটা চরিত্রের জন্য তুষি নিজেকে একদমই ভেঙে নতুন করে গড়েছেন।’

অভিনয় যাত্রা

আইসক্রিম দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন তুষি। পরে তাঁকে ‘হাওয়া’, ‘প্রেশার কুকার’-এর মতো সিনেমায় দেখা গেছে। ‘প্রেশার কুকার’-এ কখনো পারলারকর্মী, কখনো প্রেমিকা, কখনো মা—নানা আঙ্গিকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। ‘রইদ’ দিয়ে সেই সব সিনেমাকে ছাপিয়ে গেছেন তুষি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিজের মূল্যায়ন

ক্যারিয়ারে সেরা সময় পার করছেন কি না—জানতে চাইলে তুষি বলেন, ‘আমি ওইভাবে পিকটাইম বলতে চাই না। কারণ, আমার কাজের যাত্রাটা তো এখনই দর্শক দেখা শুরু করেছে। পিক কোনটা, সেটা এখনই আমি বলতে পারি না। হয়তো আরও ৩০ বছর অভিনয় করব, আবার তিন বছর পরও থেমে যেতে পারি—আমি জানি না।’ তবে তিনি স্বীকার করেন, জীবনের সেরা না বললেও সুন্দর সময় পার করছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভবিষ্যৎ প্রকল্প

তুষিকে সামনে বিগ বাজেটের কয়েকটি সিনেমা ও সিরিজে দেখা যাবে। আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘অ্যানি’ সিরিজের নামভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিরিজটি ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এর ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে। জার্মানির কোলনে ৯ জুন মিনি সিরিজটির প্রদর্শনী হবে। মুক্তির অপেক্ষায় রয়েছে রায়হান রাফীর ‘আন্ধার’, এন রাশেদ চৌধুরী ‘সখী রঙ্গমালা’। এখন ‘সুরাইয়া’র শুটিং করছেন তুষি। শিবব্রত বর্মনের গল্প থেকে ছবিটি পরিচালনা করছেন রবিউল আলম রবি।

মিম ও ফুটবল প্রেম

‘রইদ’ সিনেমার পোস্টারে দেখা গেছে সাদুর বউ (নাজিফা তুষি) সাদুকে (মোস্তাফিজুর নূর ইমরান) একটি তাল দিচ্ছে। পোস্টারটি নিয়ে ফেসবুকে একের পর এক মিম তৈরি হচ্ছে। এসব মিম দেখে তুষি বলছেন, ‘খুবই মজা পাচ্ছি।’ এর মধ্যে একটি মিম ফেসবুকে শেয়ারও করেছেন তিনি। তাতে দেখা গেছে, আর্জেন্টিনার জার্সি পরিহিত সাদুর বউ ব্রাজিলের জার্সি পরিহিত নেইমারকে একটি ট্রফি দিচ্ছেন। তুষি মজা করে ফেসবুকে লিখেছেন, ‘কিন্তু আমি তো ব্রাজিল, আমাকে কেন আর্জেন্টিনা দিলেন।’ পোস্টটি দেখে বন্ধুরা বলেছেন, ‘তুমি এটা কেন লিখলা। তুমি ব্রাজিল হলে আর্জেন্টিনার ফ্যান তো হারাইলা।’ তুষি বন্ধুদের বলেছেন, ‘আমি মজা করে বলেছি, আমি ব্রাজিল সাপোর্ট করলেও মেসিকে পছন্দ করি। আর্জেন্টিনার সঙ্গেও আমি আছি।’

ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক তুষি। তিনি জানান, খেলাধুলা সম্পর্কে খুব বেশি না জানলেও পরিবারের সবাই ব্রাজিলের সমর্থক, তাই তিনিও ব্রাজিলকে সমর্থন করেন। শুধু ফুটবল নয়, তালের জায়গায় কেউ ডাব কিংবা ক্যামেরা বসিয়ে মিম তৈরি করছেন। তুষি মনে করেন, মানুষ যেভাবে নিজ নিজ পেশা থেকে চরিত্রটির সঙ্গে সংযোগ স্থাপন করছেন, বিষয়টি দারুণ।