এমি অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ ২৫ মনোনয়ন পেয়েছে ‘দ্য পিট’
এমি অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ ২৫ মনোনয়ন পেয়েছে ‘দ্য পিট’

টেলিভিশনের ‘অস্কার’খ্যাত এমি অ্যাওয়ার্ডসের ৭৮তম আসরের মনোনয়ন তালিকায় সবচেয়ে বেশি ২৫টি মনোনয়ন পেয়েছে মেডিক্যাল ড্রামা ‘দ্য পিট’। শুধু সেরা ড্রামা সিরিজ নয়, অভিনয়, পরিচালনা, চিত্রনাট্য এবং বিভিন্ন কারিগরি বিভাগেও শক্ত অবস্থান তৈরি করেছে সিরিজটি। এর পরেই রয়েছে কমেডি সিরিজ ‘হ্যাকস’, যা পেয়েছে ২৪টি মনোনয়ন। নতুন সিরিজ ‘উইডোজ বে’ পেয়েছে ১৯টি, আর ‘প্লুরিবাস’ অর্জন করেছে ১৮টি মনোনয়ন।

‘দ্য পিট’-এর সাফল্যের গল্প

‘দ্য পিট’-এর গল্প আবর্তিত হয়েছে যুক্তরাষ্ট্রের পিটসবার্গের একটি ব্যস্ত ট্রমা হাসপাতালের জরুরি বিভাগকে ঘিরে। প্রতিটি পর্ব বাস্তব সময়ের প্রায় এক ঘণ্টার ঘটনাপ্রবাহ অনুসরণ করে, ফলে দর্শক যেন চিকিৎসকদের সঙ্গে একই সময়ে একই চাপ, সংকট ও সিদ্ধান্তের ভেতর দিয়ে এগিয়ে যান। হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতিদিনের বাস্তব সংগ্রাম, রোগীদের জীবন-মৃত্যুর লড়াই এবং স্বাস্থ্যব্যবস্থার নানা সংকটই সিরিজটির মূল উপজীব্য।

সিরিজটির কেন্দ্রীয় চরিত্র ডা. মাইকেল ‘রবি’ রবিনাভিচ। চরিত্রটিতে অভিনয় করেছেন নোয়া ওয়াইল। তাঁর সংযত অভিনয় এবং বাস্তবধর্মী গল্প বলার ধরনই ‘দ্য পিট’-কে এবারের এমির সবচেয়ে আলোচিত সিরিজে পরিণত করেছে। নোয়া ওয়াইলও সেরা ড্রামা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধান বিভাগে প্রতিদ্বন্দ্বিতা

এবারের এমিতে সেরা ড্রামা সিরিজ বিভাগে ‘দ্য পিট’-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে ‘দ্য ডিপ্লোম্যাট’, ‘দ্য গিল্ডেড এজ’, ‘প্যারাডাইস’, ‘সেভারেন্স’, ‘স্লো হর্সেস’, ‘টাস্ক’ এবং ‘দ্য লাস্ট অব আস’। অন্যদিকে সেরা কমেডি সিরিজ বিভাগে মনোনয়ন পেয়েছে ‘হ্যাকস’, ‘দ্য বেয়ার’, ‘অ্যাবট এলিমেন্টারি’, ‘নোবডি ওয়ান্টস দিস’, ‘ওনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’, ‘প্লুরিবাস’, ‘শ্রিংকিং’ এবং ‘উইডোজ বে’।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিনয় বিভাগেও জমেছে লড়াই। সেরা ড্রামা অভিনেতার বিভাগে নোয়া ওয়াইলের প্রতিদ্বন্দ্বী স্টার্লিং কে. ব্রাউন, মার্ক রাফালো, গ্যারি ওল্ডম্যান ও রুফাস সিওয়েল। আর সেরা ড্রামা অভিনেত্রীর বিভাগে মনোনয়ন পেয়েছেন জেনডায়া, কেরি রাসেল, বেলা র্যামজি, ক্যারি কুন ও শ্যারন হরগান।

কমেডি ও লিমিটেড সিরিজ বিভাগ

কমেডি বিভাগে আবারও মনোনয়ন পেয়েছেন জিন স্মার্ট, জেরেমি অ্যালেন হোয়াইট, আইও এডেবিরি, মার্টিন শর্ট, কুইন্টা ব্রানসনসহ একাধিক জনপ্রিয় তারকা। এ ছাড়া লিমিটেড বা অ্যান্থোলজি সিরিজ বিভাগে লড়বে ‘বিফ’, ‘অল হার ফল্ট’, ‘ডিটিএফ সেন্ট লুইস’, ‘দ্য বিস্ট ইন মি’ এবং ‘লাভ স্টোরি: জন এফ. কেনেডি জুনিয়র অ্যান্ড ক্যারোলিন বেসেট’।

অনুষ্ঠানের তারিখ ও সম্প্রচার

আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এনবিসি এবং স্ট্রিমিং হবে পিকক প্ল্যাটফর্মে। এবারের আসরের সঞ্চালনায় থাকবেন অভিনেত্রী মারিস্কা হারগিটে। সেদিনই জানা যাবে, সর্বোচ্চ মনোনয়ন পাওয়া ‘দ্য পিট’ শেষ পর্যন্ত কতগুলো পুরস্কার ঘরে তুলতে পারে।