মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবলার ট্রাভিস কেলসির বিয়ে নিয়ে নতুন করে জোর গুঞ্জন শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম ও নিউইয়র্ক সিটির অনুমতিপত্রের তথ্য অনুযায়ী, স্বাধীনতা দিবসের ছুটির সপ্তাহান্তে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে (এমএসজি) তাদের বিয়ের আয়োজন হতে পারে।
আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবে জোর জল্পনা
৩৬ বছর বয়সী এই তারকা জুটি এখন পর্যন্ত বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। যদিও কয়েকটি মার্কিন গণমাধ্যম দাবি করেছে, তারা ইতোমধ্যে ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে আইনগতভাবে বিয়ে সম্পন্ন করেছেন। রয়টার্সের বরাতে নিউইয়র্ক পোস্টের পেজ সিক্স জানিয়েছে, খুব সীমিত পরিসরে তারা বিয়ের শপথ নিয়েছেন। তবে অনুষ্ঠানটি কবে বা কোথায় হয়েছে, তা উল্লেখ করা হয়নি।
অনুমতিপত্রে যা আছে
নিউইয়র্ক সিটির অনুমতিপত্র অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাডিসন স্কয়ার গার্ডেনে প্রায় ১০০ অতিথিকে নিয়ে একটি প্রাক-বিবাহ সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর রাত থেকেই অনুষ্ঠানস্থলের আশপাশের সড়ক বন্ধ রাখা হবে। শুক্রবার বিকেল থেকে অ্যারেনার আশপাশের কয়েকটি সড়কে যান চলাচল সীমিত করা হবে এবং পথচারীদের চলাচলেও বিধিনিষেধ থাকবে। একই সঙ্গে কাছের পেন স্টেশনেও প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। অনুমতিপত্রে শুক্রবার বিকেল ৫টায় ‘মূল অনুষ্ঠান’ শুরু হওয়ার কথা উল্লেখ রয়েছে, যা শনিবার ভোর ৪টা পর্যন্ত চলতে পারে।
ভক্তদের প্রতিক্রিয়া ও নিরাপত্তা
ম্যানহাটনের বাসিন্দা অ্যালিসা হেইনেন বার্তা সংস্থা এএফপিকে বলেন, টেইলর সুইফটের ভক্তদের কাছে এটি অনেকটা ‘রাজকীয় বিয়ে’র মতো। তার ভাষায়, “তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় তারকা। আমাদের কাছে তিনি রানির মতো।” নিউইয়র্ক সিটির নথি অনুযায়ী, অনুষ্ঠানে সর্বোচ্চ এক হাজার অতিথির উপস্থিতির ব্যবস্থা রাখা হয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পুরো আয়োজন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
অতিথি তালিকা ও প্রস্তুতি
সম্ভাব্য অতিথিদের তালিকায় গিগি হাদিদ, কারা ডেলিভিন, সেলেনা গোমেজ ও জো ক্রাভিটজের মতো তারকাদের নাম রয়েছে। এছাড়া ট্রাভিস কেলসির দল কানসাস সিটি চিফসের কয়েকজন খেলোয়াড়ও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে অনুষ্ঠানস্থলে সাজসজ্জার সামগ্রী, ক্যাটারিং সরঞ্জাম ও অন্যান্য উপকরণ পৌঁছে দেওয়া হয়েছে। অ্যারেনার বাইরে অস্থায়ী কাঠামো ও নিরাপত্তা বেষ্টনীও তৈরি করা হয়েছে।
স্বাধীনতা দিবসের ছুটির সঙ্গে মিল
এদিকে সম্ভাব্য এই বিয়ের আয়োজন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির সপ্তাহান্তে অনুষ্ঠিত হচ্ছে। একই সময়ে নিউইয়র্কে স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠান, স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০ বছর পূর্তির প্রস্তুতি এবং ফিফা বিশ্বকাপের একটি ম্যাচও রয়েছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি সম্ভাব্য বিয়ে নিয়ে প্রশ্নের জবাবে বলেন, “যদি সত্যিই ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কেউ বিয়ে করে, তাহলে তারা অন্তত ঘরের ভেতরে থাকবে এবং গরম থেকেও নিরাপদ থাকবে।”



