সুশান্তের মৃত্যুবার্ষিকীতে বোনের আবেগঘন পোস্ট, বললেন ভালোবাসা সময়ের নিয়ম মানে না
সুশান্তের মৃত্যুবার্ষিকীতে বোনের আবেগঘন পোস্ট

আজ থেকে ছয় বছর আগে, ২০২০ সালের ১৪ জুন, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে পুরো বিনোদন জগৎ স্তব্ধ হয়ে গিয়েছিল। তার মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা, তা আজও রহস্য হয়ে আছে। তবে এত বছর পরও তার স্মৃতি ও আদর্শ ভক্তদের মনে সমানভাবে জীবন্ত।

বোন শ্বেতার আবেগঘন পোস্ট

ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বোন শ্বেতা সিং কীর্তি সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি সুশান্তের কিছু পুরোনো স্মরণীয় ছবি এবং এআইনির্মিত ছবি পোস্ট করে ভাইকে স্মরণ করেন। পোস্টে তিনি লিখেছেন, 'ছয় বছর কেটে গেছে, কিন্তু কিছু আত্মা সময়ের সঙ্গে আরও বড় হয়ে ওঠে।'

শ্বেতা বলেন, 'আমি ভাবি না সে কীভাবে চলে গেল, বরং ভাবি সে কীভাবে বেঁচেছিল। সুশান্তের শিশুসুলভ কৌতূহল, জীবন ও মহাবিশ্ব সম্পর্কে জানার আগ্রহ আমাকে সবসময় মুগ্ধ করত।' তিনি আরও বলেন, সুশান্ত প্রতিটি মানুষের সঙ্গে সম্মান ও মর্যাদার সঙ্গে ব্যবহার করতেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সুশান্তের আদর্শ ও মানবিকতা

শ্বেতা লিখেছেন, 'সুশান্ত আমাকে শিখিয়েছিল যে সহমর্মিতা ও মানবিকতা ছাড়া সাফল্যের কোনো মূল্য নেই। দয়া আর সহানুভূতি ছাড়া সাফল্যের কোনো অর্থ নেই।' তিনি বলেন, ভালোবাসা সময়ের নিয়ম মেনে চলে না। শরীর চলে যেতে পারে, কিন্তু একটি সুন্দর আত্মার প্রভাব অসংখ্য মানুষের জীবনে থেকে যায়।

তিনি আরও বলেন, 'যখনই কেউ রাগের পরিবর্তে দয়াকে বেছে নেয়, অজ্ঞতার পরিবর্তে জ্ঞানকে গ্রহণ করে, হতাশার বদলে আশাকে বেছে নেয় এবং বিদ্বেষের পরিবর্তে ভালোবাসাকে প্রাধান্য দেয়, তখন সুশান্তের আদর্শের একটি অংশ জীবন্ত হয়ে ওঠে।'

শ্রদ্ধা জানানোর উপায়

শ্বেতা মনে করেন, সুশান্তকে সত্যিকারের শ্রদ্ধা জানানোর সবচেয়ে বড় উপায় হলো হতাশ না হওয়া এবং তার মূল্যবোধগুলো নিজের জীবনে ধারণ করা। তিনি বলেন, 'কৌতূহলী হন, দয়ালু হন, শেখা কখনো বন্ধ করবেন না, নির্ভয়ে স্বপ্ন দেখুন এবং পৃথিবীকে কখনো আপনার হৃদয়কে কঠোর করে তুলতে দেবেন না।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ