মালয়েশিয়াকে নিয়ে ইংরেজি ভাষায় অনেক জনপ্রিয় বই থাকলেও সেগুলোতে প্রায়ই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও জাপানি দখলদারির গল্পই বারবার এসেছে। কিন্তু আজকের মালয়েশিয়াকে বুঝতে চাইলে অতীতের গল্পে আটকে থাকা যথেষ্ট নয়। দেশটির সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও মানুষের জীবন অনেক বদলে গেছে, এবং সেই পরিবর্তনের গল্প উঠে এসেছে সমসাময়িক লেখকদের বইয়ে। মালয়েশিয়াকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ দেয় এমন চারটি বইয়ের খোঁজ দেওয়া হলো।
প্রীতা সমারাসানের ‘এভরিথিং ইজ দ্য হোল ডে’
একটি পরিবারের গল্প দিয়ে শুরু হলেও এই উপন্যাসে আসলে পুরো একটি সমাজের গল্প বলা হয়েছে। ইপোহ শহরের রাজশেখরন পরিবারের সুখ-দুঃখ, সম্পর্কের টানাপোড়েন, কষ্ট ও নিঃসঙ্গতার মধ্য দিয়ে লেখক মালয়েশিয়ার বাস্তব চিত্র তুলে ধরেছেন। নির্বাচনের পরের অস্থিরতা, জাতিগত টানাপোড়েন, সামাজিক পরিবর্তন—সবকিছুই গল্পের ভেতরে মিশে গেছে। ফলে বইটি কেবল একটি পরিবারের কাহিনি নয়; বরং একটি দেশের পরিবর্তনের গল্প।
রেহমান রশিদের ‘এ মালয়েশিয়ান জার্নি’
মালয়েশিয়াকে বুঝতে চাইলে এ বইটি দারুণ সঙ্গী হতে পারে। সাংবাদিক রেহমান রশিদ নিজের অভিজ্ঞতা, দেশের ইতিহাস এবং রাজনৈতিক ঘটনাগুলোকে একসঙ্গে তুলে ধরেছেন এই বইয়ে। মালাক্কার প্রাচীন সুলতানি যুগ থেকে আধুনিক মালয়েশিয়া পর্যন্ত দীর্ঘ পথ চলার গল্প আছে এখানে। লেখক দেখিয়েছেন—নানা জাতি, ভাষা ও সংস্কৃতির মানুষ কীভাবে একসঙ্গে একটি দেশ গড়ে তুলেছে, এবং সেই সম্পর্কের মধ্যেই কী ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তথ্যসমৃদ্ধ হলেও বইটি কখনোই বিরক্তিকর মনে হয় না; বরং পাঠককে আধুনিক মালয়েশিয়ার ভেতরে নিয়ে যায়।
ব্রায়ান গোমেজের ‘ডেভিলস প্লেস’
রহস্য আর রোমাঞ্চ পছন্দ হলে এই বই আপনার ভালো লাগবে। গল্পের কেন্দ্র কুয়ালালামপুর শহর। একটি হত্যাকাণ্ডকে ঘিরে এগিয়ে চলে কাহিনি। এর সঙ্গে জড়িয়ে পড়ে রাজনীতি, ক্ষমতা ও দুর্নীতির নানা স্তর। তবে বইটির সবচেয়ে বড় শক্তি হলো বাস্তবতা। লেখক কোনো সাজানো ছবি দেখান না; তিনি তুলে ধরেন আধুনিক মালয়েশিয়ার ব্যস্ত শহুরে জীবন, ক্ষমতাবানদের প্রভাব এবং সাধারণ মানুষের সংগ্রাম। রোমাঞ্চকর গল্প পড়তে পড়তেই পাঠক সমসাময়িক মালয়েশিয়ার একটি স্পষ্ট ছবি দেখতে পাবেন।
ট্যান টোয়ান ইংয়ের ‘দ্য গার্ডেন অব ইভিনিং মিস্টস’
এ বইটি যেন এক সুন্দর চিত্রকর্ম। কুয়াশায় ঢাকা পাহাড়, সবুজ চা-বাগান, জাপানি বাগানের সৌন্দর্য—সব মিলিয়ে এক মায়াময় পরিবেশ তৈরি করেছেন লেখক। গল্পের দুই প্রধান চরিত্র ইউন লিং ও আরিতোমো। তাদের জীবন, স্মৃতি, হারানোর বেদনা এবং অতীতের ক্ষতকে ঘিরে এগিয়ে যায় কাহিনি। গল্পে জাপানি বাগান, উল্কিচিত্র ও শিল্পকলার নানা দিক উঠে এসেছে। তবে এটি কোনো ইতিহাসের বই নয়; বরং এখানে আছে মানুষের ভেতরের শক্তিকে খুঁজে পাওয়ার গল্প। এ কারণে বইটি বিশ্বজুড়ে পাঠকদের মন জয় করেছে।
এ চারটি বই চার ধরনের মালয়েশিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেবে। কোথাও পরিবার, কোথাও ইতিহাস, কোথাও রাজনীতি, আবার কোথাও আবেগ ও অনুভূতির গল্প। বইগুলো পড়ে পাঠক বুঝবেন, মালয়েশিয়া কেবল সুন্দর প্রকৃতির দেশ নয়; সেখানে আছে নানা সংস্কৃতি, ভাষা ও সমাজ। সূত্র: ওয়ার্ল্ড লিটারেচার টুডে।



